স্টাফ রিপোর্টার : নিজের বাবার হাতে মাসের পর মাস ধর্ষণের শিকার হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী। সে এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা। বাবা নামের ওই নরপিশাচের নাম মো. হানিফ উদ্দিন (৪২)। সে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোবাঘাট এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে জেলা সদর হাসপাতালে ওই কিশোরী ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের হদিপাড়া গ্রামের বাসিন্দা নরপিশাচ হানিফ উদ্দিন পেশায় দিনমজুর। সে ইটভাটা ও কৃষি শ্রমিকের কাজ করে। তাঁর স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। একটি টিনের চালা ঘরে সবাই বসবাস করে।
মেয়েটি সাংবাদিকদের জানায়, প্রায় ১ বছর আগে বাবা তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। তাঁরপর থেকে মাঝে মধ্যেই তাকে ধর্ষন করে আসছিল। লজ্জায় ভয়ে এ ঘটনাটি কাউকে বলতে সাহস পায়নি সে। অনেক চেষ্টা করেও নিজের কুলাঙ্গার বাবার হাত থেকে সে রেহাই পায়নি।
মেয়েটির মা সাংবাদিকদের বলেন, আমার স্বামী চরিত্রহীন-লম্পট এটা জানতাম। কিন্তু নিজের ঔরসজাত সন্তানের সাথে এই রকম করবে ভাববার পারি নাই। ওর শরীরের লক্ষন অন্যরকম দেখতে পাইয়া আমরা ওকে চাপ দিলে সে বাপের অপকর্মের কথা জানায়।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক জীবন চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে বুধবার রাতে ওই কিশোরীকে বাড়ি থেকে উদ্ধার করা হয়। ওইসময় পুলিশের অবস্থান টের পেয়ে লম্পট বাবা হানিফ পালিয়ে যায়। ডাক্তারী পরীক্ষা শেষে কিশোরীকে বৃহস্পতিবার বিকেলে ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হলে সে বাবার অপকর্মের কথা স্বীকার করে।
জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ আব্দুল মোবারক বলেন, মেয়েটির বক্তব্য অনুযায়ী তাঁর বাবার হাতে সে ধর্ষিতা হয়েছে। তিনি বলেন, পরীক্ষা নিরীক্ষায় মনে হয়েছে মেয়েটি ৬ মাসের গর্ভবতী। তবে ডিএনএ টেস্টে সবকিছু পরিস্কার হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের সহকারী পুলিশ সুপার খন্দকার লাবনী বলেন, এসব কথা বলতেও ঘৃণা লাগে। সে মানুষ নয় নরপিশাচ। পুলিশ ওই শয়তানকে ধরতে অভিযান চালাচ্ছে। তিনি বলেন, ওই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।



















