মোঃ মোশারফ হোসেন, শেরপুর : সৌদি আরবের সাথে মিল রেখে শেরপুরের কমপক্ষে ৮টি স্থানে আগাম পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার সকাল ৮টা থেকে ১০ টার মধ্যে পৃথক স্থানে মুসল্লীরা পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনপরচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার বানেশ্বর্দীসহ কমপক্ষে ৮টি স্থানে পৃথকভাবে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি জামাতে দেড় থেকে ২ শতাধিক মুসল্লী অংশ নেন। ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয় সকাল ৮ টায় বনগাঁও ও নন্নী মধ্যপাড়ায়। এ ছাড়াও নন্নী মধ্যপাড়া ও নকলায় পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে মহিলারাও আলাদাভাবে জামাতে অংশ নেয়। নামাজের পর পারস্পরিক কুশল বিনিময় শেষে তারা অংশ নেন প্রীতিভোজে এবং তাঁরা গরু-ছাগল কোরবানি করেন।
উল্লেখ্য, গত কয়েক বছর যাবত শেরপুরের ওইসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ সহ সকল ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছেন। এদের সংখ্যা ধীর গতিতে বেড়ে চলছে বলে জানালেন এলাকাবাসী ও ওই রীতির অনুসারীরা।



















