শ্যামলবাংলা বিনোদন : এ প্রজন্মের গায়ক খন্দকার বাপ্পী। আসছে কুরবানির ঈদ উপলক্ষে এটিএনের বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’তে এক মঞ্চে একই গানে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে অনুরূপ আইচের লেখা ‘নাচ পাগলা’ শিরোনামের গানে নেচে-গেয়ে পারফর্ম দেখা যাবে তাকে। আলো ঝলমল এ মঞ্চে তাদের উভয়ের পারফরম্যান্সে দর্শক সারিতে বসা প্রায় সবাই কোমর ঝাঁকিয়েছেন।
এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দারুণ একটি গান তৈরি করেছে বাপ্পী। যাতে আমরা দুজনই কণ্ঠ দেয়ার পাশাপাশি কোমরও দুলিয়েছি। ঈদের জন্য নির্মিত এ অনুষ্ঠানটিতে অন্যমাত্রা দিয়েছে এ গানটি। এতে পারফর্ম করতে গিয়ে আমি আমার সেই তরুণ বয়সে ফিরে গিয়েছিলাম। আশা করি গানটি প্রকাশের পর দর্শকদের মাঝে সাড়া ফেলবে।`
খন্দকার বাপ্পী বলেন, ‘প্রায় এক বছর পরিশ্রম করে গানটি দাঁড় করিয়েছি। যাতে আমার প্রিয় শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছি। রিলিজ হওয়ার আগেই গানটি এ অনুষ্ঠানটিতে গাইলাম। দর্শক সারিতে থাকা সবাই গানটিকে ভালো বলেছে। আশা করি অনুষ্ঠানটি যারা দেখবে গানটি প্রকাশ হওয়ার পর সবারই ভালো লাগবে।’
গানটিতে যৌথভাবে সুর করেছেন মেহেদি বাপন ও বাপ্পী। খন্দকার ইসমাইলের উপস্থাপনায় অনুষ্ঠানটি ঈদের আগের রাতে (১২ সেপ্টেম্বর) এটিএন বাংলায় প্রচার হবে।
























