স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের ন্যায় শেরপুরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত সমাবেশে হাত তুলে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে ‘না’ বলেন শিক্ষার্থীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম।ওইসময় তিনি বলেন, সোনার টুকরা ও আলোকিত মানুষ তৈরি করা ছাড়া সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়। এজন্য সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সকল সামাজিক ব্যধিকে না বলে সকলের বাসযোগ্য দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, প্রবীণ সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সারোয়ার জাহান। ওইসময় সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী স্বরচিত কবিতা পাঠ করেন কবি তালাত মাহমুদ। সমাবেশ সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ।

এদিকে শনিবার সকালে শেরপুর সরকারি মহিলা কলেজে আয়োজিত একই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু। কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আফিয়া ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, সহকারি অধ্যাপক আবু রায়হান আল বেরুনী, সহকারি অধ্যাপক নিখিল চন্দ্র দাস, হাফেজ মাও: আহসানউল্লাহ, পুরোহিত কমল চক্রবর্তী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন অধ্যাপক শাহী উম্মুল বানীন।
এছাড়া একই সময়ে শেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুরূপ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মেহেদুল করিম। কলেজের অধ্যক্ষ ড. প্রকৌশলী আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।



















