স্টাফ রিপোর্টার : সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে এবার শেরপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রেসক্লাব। ২২ জুলাই শুক্রবার বিকেলে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ার অঙ্গণে ওই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নিয়ে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে শেখ হাসিনার নেতৃত্বে শেরপুরবাসী আজ ঐক্যবদ্ধ। তা প্রতিরোধে গণমাধ্যম কর্মীরাও একাত্মতা পোষণ করে মাঠে নামায় সেটাই প্রমাণ করে। কাজেই সেই দিন আর বেশি দূরে নয়, যখন দেশ সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত হবে।
প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশে একাত্মতা পোষণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোখলেসুর রহমান জীবন, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান রৌশন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, রবীন্দ্র সম্মিলন পরিষদের সভানেত্রী সঞ্চিতা হোড় দীপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারোয়ার, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক আসাদুজ্জামান মোরাদ প্রমুখ। এছাড়া গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও ওই মানববন্ধনে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন, জেলা জাতীয় পার্টি, জেলা জাসদের একাংশ, জেলা রেড ক্রিসেন্টসহ জেলা জাতীয় সাংবাদিক সংস্থা, কবিসংঘ, জেলা ফুটবল পরিষদ, অ্যাকটিভ ক্লাব এবং শেরপুর থেকে প্রকাশিত দৈনিক তথ্যধারা, সাপ্তাহিক দশকাহনীয়া, সাপ্তাহিক কালের ডাক, সাপ্তাহিক বাংলার কাগজ অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম পরিবারের সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
























