ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বর্ষাকালের শুরুতেই প্রবল বৃষ্টিপাত ও সীমান্তের উত্তরে ভারতে ব্যাপক বৃষ্টিপাতের ফলে ওপার থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে উপজেলা সদরসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে চরম র্দুভোগে পড়েছে পানিবন্দি মানুষ। ১৬ জুন বৃহস্পতিবার ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢল মহারশী, সোমেশ্বরী ও কালঘোষা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি অংশ ভেঙ্গে উপজেলার বিভিন্ন সরকারী অফিসসহ বিস্তীর্ন এলাকা ঢলের পানিতে তলিয়ে গেছে। মহারশী নদীর রামেরকুড়া বাঁধ ভেঙ্গে সাব-রেজিঃ অফিস, পোষ্ট অফিস, নলকুড়া ইউনিয়ন ভূমি অফিস, যুব উন্নয়ন অফিস, উপজেলা ভূমি অফিস, মহিলা বিষয়ক অফিস, ঝিনাইগাতী উপজেলা সদরের প্রধান সড়ক তলিয়ে গেছে এবং উপজেলা পরিষদ চত্বরে পানি প্রবেশ করেছে। এছাড়া ঝিনাইগাতী সদর বাজারের দক্ষিণাংশ হাঁটু পানি পর্যন্ত তলিয়ে গেছে।
অপরদিকে উপজেলার দিঘীরপাড় মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে চতল, মাটিয়াপাড়া, রামনগর, সুরিহারা, কালিনগর, সারিকালিনগর, প্রতাবনগর, দাড়িয়ারপাড়সহ বিভিন্ন গ্রামসমূহে শত শত ঘরবাড়িতে ঢলের পানি প্রবেশ করেছে। হঠাৎ ওই পাহাড়ী ঢলে বহু মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। কৃষকদের সদ্য তৈরি আমন ধানের বীজতলা, বিভিন্ন সবজি ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক ফসলহানির আশংকা করা হচ্ছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা পাহাড়ী ঢলে বিভিন্ন এলাকায় পানি প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।




