স্টাফ রিপোর্টার : শেরপুরে শ্রমিক ও হতদরিদ্রদের সেবায় বিশেষ অবদান রাখায় ৪ বিশিষ্ট ব্যক্তিকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়েছে। ২৩ মে সোমবার রাতে জেলা রাইস মিল মিস্ত্রি-শ্রমিক ইউনিয়নের তরফ থেকে ওই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন শেরপুর-১ (সদর) আসনের টানা ৪ দফায় নির্বাচিত সংসদ সদস্য, হুইপ আতিউর রহমান আতিক, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন আহম্মদ (মরণোত্তর), বিশিষ্ট শ্রমিক নেতা সেলিম রেজা (মরণোত্তর) ও প্রবীণ সংগঠক কফেজ উদ্দিন মিয়া। এ উপলক্ষে শহরের খোয়ারপাড় মোড়ে আয়োজিত শ্রমিক-জনতা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলহাজ্ব হায়দার আলী, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিচুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি জানে আলম জালু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ্ব নুর মোহাম্মদ, যুব নেতা আব্দুর রহমান রুমান, হাসানুর রহমান আলাল প্রমুখ।
অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের অফিস নির্মাণ ও কল্যাণ তহবিল গঠনের জন্য হুইপ আতিউর রহমান আতিক ২ লাখ টাকা, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর তরফ থেকে ৫০ হাজার টাকা ও সমাজসেবক আলহাজ্ব নুর মোহাম্মদ একখন্ড ভূমি দানের ঘোষণা দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রূপান্তর নাট্যগোষ্ঠীর সহায়তায় সংগীত পরিবেশন করেন হাসনা হেনা, রিয়া, শাহেদ, সৌরভ, এসআই জাহিদ, দুখু, অন্ধ মাসুদসহ স্থানীয় শিল্পীরা।
























