স্টাফ রিপোর্টার ॥ চতুর্থ দফার আওতায় শেরপুর সদরের অবশিষ্ট ৭টি ইউনিয়ন ও সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৭ মে শনিবার সকাল ৮টা থেকে ওই ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৬টা থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও সাড়ে ৭টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ভোটকেন্দ্রগুলোতে অন্যান্য দিনের তুলনায় শুরুর প্রাক্কালে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে। তবে গুড়ি গুড়ি বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথেই ভোটাররা ক্রমেই কেন্দ্রমুখী হচ্ছেন।
১৪ ইউনিয়নের মধ্যে শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আব্দুল বারী চাঁন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখন চেয়ারম্যান পদে নির্বাচন হবে ১৩ ইউনিয়নে। ওই নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ শেরপুর সদরে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী এবং ঝিনাইগাতীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সদর উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ১শ ৭০ জন। ভোটকেন্দ্র ৭৩টি ও বুথ সংখ্যা ৩৩৪টি। আর ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৮শ ১০ জন। ভোটকেন্দ্র ৬৯ টি ও বুথ সংখ্যা ৩৮০টি।
শেরপুর সদরের যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে কামারিয়া, বাজিতখিলা, পাকুড়িয়া, ধলা, রৌহা, ভাতশালা ও গাজীরখামার ইউনিয়ন। এর মধ্যে কামারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদ ব্যতীত এখন কেবল সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঝিনাইগাতী উপজেলার সবকটি ইউনিয়নেই নির্বাচন হচ্ছে একই সাথে। ইউনিয়নগুলো হচ্ছে ঝিনাইগাতী সদর, কাংশা, নলকুড়া, ধানশাইল, গৌরীপুর, মালিঝিকান্দা ও হাতীবান্ধা।
সকাল ৮টা ৫ মিনিটের সময় সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি কেটে যাওয়ায় ভোটাররা দ্রুত কেন্দ্রের দিকে ছুটে এসে লাইনে দাঁড়াচ্ছেন। এ কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে ১৬৮৭। এছাড়া ৮টা ১৫ মিনিটের দিকে সুলতানপুর বিএম ইনস্টিটিউট কেন্দ্রে গিয়েও দেখা যায় একই অবস্থা। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২৩২৪।
























