উন্নয়ন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

খবর টি পড়েছেন : ১৭৯
উন্নয়ন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

PM Hasinaশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে দেশের দ্রুত অগ্রগতিতে সকল প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ৮ অক্টোবর বৃহস্পতিবার গণভবন থেকে ৩টি বিদ্যুৎ কেন্দ্রসহ ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । ১৫ জেলায় এ প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। খবর বাসসের
শেখ হাসিনা বলেন, ‘আমরা ইতোমধ্যে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছি। প্রত্যেক এলাকায় আরো অনেক প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। এ জন্য দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলকে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ সঠিকভাবে ও সময়মতো শেষ করতে হবে।’ উদ্বোধন করা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে-আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডুলার বিদ্যুৎ কেন্দ্র ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র।
আশুগঞ্জে এই তিন কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের আমলে দেশে একশ’ বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলো। এর মধ্যে ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর থেকে বিগত সাড়ে ৬ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ৭৩টি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে।
এ ছাড়াও কনফারেন্সে প্রধানমন্ত্রী নবনির্মিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জননেত্রী শেখ হাসিনা হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সিলেটে কাজীর বাজারে নবনির্মিত সুরমা নদীর ওপর কাজীর বাজার সেতু, নয়াকান্দি সেতু, হেমায়েতপুর-সিঙ্গাইর- মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নবনির্মিত কিটিংচর ও সাটুরিয়া সেতু, সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কে বলভদ্র সেতু, পোস্তগোলা সরকারি আধুনিক ময়দার মিল এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল রেল ক্রসিংয়ের ওপর রেলওয়ে ওভারপাস নির্মাণ, সিলেটের বিমানবন্দর বাইপাস ইন্টার-সেকশন-লালবাগ-সালুটিকির- কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ এবং মানিকগঞ্জের হেমায়েতপুর- সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জ শহরাংশ (মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত) ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলওয়ে মন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড. মশিউর রহমান ও তৌফিক ই-ইলাহি চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানৃমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হত্যার ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা যাবে না… পরবর্তী সংবাদ কিশোরগঞ্জে ৩৫৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads