রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : টানা ভারী বর্ষণ ও অব্যাহত পাহাড়ী ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এতে উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৯৮টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দূর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকট। ফলে দুর্গত এলাকার মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। শ্যালো নৌকা ও স্পীডবোড দেখলেই পানি সাতরে কাছে আসছে আর খাবার চাইছে।
বালিয়ামারি বর্ডার হাট, নতুনবন্দর স্থলবন্দর ও সীমান্ত এলাকায় ৫ বিজিবি ক্যাম্পে পানি ঢুকেছে। এছাড়াও করিডোরে পানি ওঠায় আগামী ঈদুল আহজার জন্য সীমান্তের ওপার থেকে গরু আমদানি ব্যাহত হচ্ছে। ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার্ত এলাকায় ৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সরকারীভাবে ইতোমধ্যে ২০ মে.টন চাল ও ২০ হাজার টাকার শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বোরবার বেলা ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্রের রৌমারী পয়েন্টে বিপদ সীমার ৪৪ সে.মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে।
গৃহপালিত পশুর অবস্থা আরও করুন। উঁচু জায়গাভাবে গত ৫দিন ধরে পানিতেই বেঁধে রাখা হচ্ছে। একারণে গোটা উপজেলায় প্রায় ৯শতাধিক গরু ছাগল মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গ্রামীণ সড়কের ৮৬টি স্থান ভেঙে গেছে। যা দিয়ে দ্রুত পানি ঢুকে নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। ব্রহ্মপুত্র বাঁধের বন্দবেড় জলিলের কুড়া এলাকায় রাস্তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ভেঙে গেলে পানি ঢুকে পড়বে উপজেলা প্রশাসনিক ভবনে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টাপাড়া, খেতারচর, কাউনিয়ারচর, আমবাড়ি, কাজাইকাটা, ইটালুকান্দা, কাউয়ারচর, চর বোয়ালমারী, ধর্মপুর ও বালুরগ্রাম। ২নং শৌলমারী ইউনিয়নের বাউসমারী, চৎলাকান্দা, শৌলমারী, বেহুলারচর, কলমেরচর, গয়টাপাড়া, চেংটাপাড়া, ডাংগুয়াপাড়া, বোয়ালমারী, ওকড়াকান্দা ও নাউবাড়ি কান্দা। ৩নং বন্দবেড় ইউনিয়নের বলদমারা, ঝুনকিরচর, পুড়ারচর, কুটিরচর, ফলুয়ারচর, পালেরচর ও বাঘমারা। ৪নং রৌমারী ইউনিয়নের মন্ডলপাড়া, দাসপাড়া, বামনেরচর, খাটিয়ামারী, রতনপুর, ফুলবাড়ি, চরফুলবাড়ি, ইজলামারী, বারবন্দা, চুলিযারচর, বড়াইবাড়ি, ঝাউবাড়ি, বাওয়ার গ্রাম, মাদারটিলা, কড়াইকান্দি ও কান্দাপাড়া। ৫নং যাদুরচর ইউনিয়নের খেয়ারচর, বকবান্দা, লাঠিয়াল ডাঙ্গা, কোমড়ভাঙ্গি, পাখিউড়া, ধনারচর নতুন গ্রাম, দিগলাপাড়া ও কাশিয়া বাড়ি। ৬নং চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর, ঘুঘুমারী, নামাজেরচর, খড়ানিরচর, সুখেরবাতি, খেদাইমারী ও মিয়ারচর গ্রামের বন্যা কবলিত মানুষের হাহাকার। বাড়িতে পানি উঠায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি সংকট। এসব গ্রামের নি¤œ আয়ের দরিদ্র মানুষের ঘরে খাদ্য মজুদ না থাকায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। ধর্মপুর গ্রামের আবু বক্কর দুঃখ ভারাক্রান্ত মনে বলেন, ‘কি আর কমু চারদিন থাহি কামও করবের পাইনে খাবেরও আনবের পাইনে। বউ বাচ্চা নিয়ে না খায়া আছি।’ একই কথা বলেন কলমেরচরের হালিম মিয়া, চরফুলবাড়ির রহিতন বেওয়া।
এদিকে বন্যার পানির তোড়ে ভেঙ্গে গেছে দুই কিলোমিটার পাকা সড়ক, ৮ কিলোমিটার গ্রামিন কাঁচা রাস্তাসহ এক কিলোমিটার বেড়িবাধ। কৃষি অফিস সূত্রে জানা গেছে এবারের বন্যায় রোপা আমন, বীজতলা, শাক-সব্জীসহ বিভিন্ন ফসল প্রায় ৪ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ তলিয়ে গেছে। মৎস অফিস সূত্রে জানা গেছে উপজেলার প্রায় দুইশত পুকুর ও জলাশয়ের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। প্রানি সম্পদ সূত্রে জানা যায় উপজেলার প্রায় দুইহাজার গরু ছাগল খাদ্য সংকটে ভুগছে। শিক্ষা অফিস জানায় উপজেলার ৪০টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান বন্যা দূর্গত এলাকায় ডায়রিয়া দেখা দেয়ায় উপজেলায় ৬টি ইউনিয়নে ৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে । তারা প্রতিদিন বন্যা দূর্গত এলাকায় কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শঙ্কর কুমার বিশ্বাস জানান, উপজেলার ৬টি ইউনিয়নের জন্য এপর্যন্ত ২০ মে. টন চাল ও ২০ হাজার টাকার শুকনা খাবার বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে দু’এক দিনের মধ্যে আরও পাব বলে আশা করছি।






























