পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহায় ৬০ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রটি আগুন লেগে বন্ধ হয়ে গেছে। এতে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে ট্রান্সফরমারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে পটিয়া ও চাক্তাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কমপক্ষে আড়াই কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
বিদ্যুকেন্দ্রটির উপ-প্রকল্প প্রকৌশলী মো. শামসুদ্দিন জানান, শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্রে ১৯৮৪ সালে পোল্যান্ডের ১৩২ কেভি ও ১৯৮৬ সালে চীনের ১৩৩ কেভি ট্রান্সফরমার বসানো হয়। এ দুটি ট্রান্সফরমার থেকে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে পিডিবি ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বেলা সাড়ে ৩টার দিকে ১৩২ কেভি ট্রান্সফরমার থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার দেড় ঘণ্টা পর তা নেভাতে সক্ষম হয় পটিয়া ও চাক্তাই দমকল বাহিনীর দুটি ছোট গাড়ি ও একটি বড় গাড়ির তিনটি ইউনিট। এতে ১৩২ কেভি ট্রান্সফরমারটি পুড়ে ছাই হয়ে যায়; যার বর্তমান বাজার মূল্য আড়াই কোটি টাকা। এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘এ অগ্নিকাণ্ডে কমপক্ষে আড়াই কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।’


























