শ্যামলবাংলা ডেস্ক : নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোকে সরকারের অযৌক্তিক পদক্ষেপ মন্তব্য করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করে পুনরায় গণশুনানি করে গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। ২৯ আগস্ট শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ওই দাবি জানান। এসময় তিনি বলেন, ‘এ বছরের শুরুতে অস্থির রাজনৈতিক সময়ে বিনা ভোটের নির্বাচিত সরকারের মত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তথাকথিত লোক দেখানো শুনানির নামে আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে-বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছে।’
গ্যাস খাতে যেখানে সরকারের ভর্তুকি দিতে হয় না এবং লোকসানও নেই- দাবি করে রিপন বলেন, ‘পাঁচ বছরে যেখানে পেট্রোবাংলা ২০ হাজার ৮০ কোটি টাকা লাভ করেছে সেখানে গৃহস্থালি কাজে এক বার্নার ও দুই বার্নার চুলায় এক লাফে ২০০ টাকা বৃদ্ধির ঘোষণা নিম্ন-মধ্যবিত্ত মানুষের প্রতি নিদারুণ অবিচার। শুধু তাই নয়, আবাসিক লাইনে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫.১৬ টাকা থেকে ৭ টাকা করেছে।’
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক দাবি করে রিপন বলেন, ‘জনগণের স্বার্থে রাজনীতি করা দল হিসেবে বিএনপি মনে করে এ দাম বৃদ্ধি অযৌক্তিক এবং এর ফলে নিম্ন আয় ও মধ্যবিত্ত মানুষেরা আরেক দফা দুর্ভোগে নিপতিত হবেন। যখন সাধারণ মানুষ দ্রব্যমূল্যের অসহনীয় তাপে অস্থির এবং আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকাতে মানুষের এমনিতেই নাভিশ্বাস তখন গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ফলে সংসার চালাতে তাদের আরো হিমশিম খেতে হবে।’




















