নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে যাওয়ার ৩ দিন পর শিশু শামীম (১২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার সন্ধায় উপজেলার কলস নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত রফিদ উল্লাহর পুত্র।
জানা যায়, শেরপুরের পাকুড়িয়া গ্রামের বড় ভই আব্দুল মালেকের কন্যা, আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী তানজিলাকে নিয়ে মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম কলসপাড় গ্রামে নানা আব্দুস সামাদের বাড়িতে বেড়াতে আসেন শামীম। ওইসময় চাচা ভাতিজি বাড়ির পাশের কলস নদীতে বাঁধা একটি নৌকায় বসে থাকার সময়, হঠাৎ করে তানজিলা নদীর পানি পড়ে যায়। শামীম তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়ে ভাতিজীকে অন্য আরেকজনের সহায়তায় উদ্ধার করতে সক্ষম হলেও, সে নিজে পানিতে ডুবে যায়। খবর পেয়ে ময়মনসিংহ ও শেরপুর থেকে ডুবুরি আবুল কালামের নেতৃত্বে ৫ সদস্যের ডুবুরি দল গত মঙ্গলবার ও বুধবার দু’দফা ১০ ঘন্টা সন্ধান চালিয়েও নিখোঁজ শামীমকে উদ্ধার করতে পারে নি। অবশেষে বৃহস্পতিবার সন্ধায় স্থানীয়রা নদীতে লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘঁটনাস্থলে গিয়ে মৃত দেহটি উদ্ধার করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে কলস নদীর পানিতে ডুবন্ত নয় বছরের ভাতিজী তানজিলাকে উদ্ধার করতে গিয়ে শামীম (১২) নিজেই নদীর পানিতে নিখোঁজ হয়।









