শ্যামলবাংলা ডেস্ক : একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে নারকীয় গ্রেনেড হামলা মামলার বিচার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করতে চায় রাষ্ট্রপক্ষ। এ পর্যন্ত এই মামলায় ১৭৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গত এক বছরেই ৮৪ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। গত ১২ মাসে বিচার কার্যক্রমে অনেক গতি ফিরেছে। এই মামলায় সাক্ষী ৪৯১ জন। রাষ্ট্রপক্ষ বলছে, সাক্ষীর সংখ্যা তারা কাটছাঁট করছে। এখন পর্যন্ত যারা সাক্ষ্য দিয়েছেন, অপরাধ প্রমাণের মতো অনেক তথ্য উঠে এসেছে। মন্ত্রী, এমপিসহ গুরুত্বপূর্ণ কয়েকজন শিগগির সাক্ষ্য দেবেন। এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষ্য দেবেন কি-না, সে ব্যাপারেও তার মতামত জানতে চাইবেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। আগামী ২৪ ও ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানি।
বিচারকাজ কবে নাগাদ শেষ হতে পারে_ জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, চলতি বছরের মধ্যে বিচার শেষ হবে বলে আশা করছি। বিচার কার্যক্রম দ্রুত শেষ করতে সরকার খুবই আন্তরিক।
২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানোর মূল লক্ষ্য ছিল দলীয় সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগকে সম্পূর্ণ নেতৃত্বশূন্যই করা ছিল তাদের লক্ষ্য। দেশের ইতিহাসে বিভীষিকাময় ওই হামলার ১১ বছর পূর্ণ হচ্ছে আজ। শুরু থেকে বিএনপির নানা ষড়যন্ত্র আর প্রতিবন্ধকতা পেরিয়ে মামলার তদন্ত শেষ করতে সময় লাগে সাত বছর। ২০১১ সালে সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর বিচার চলছে সাড়ে তিন বছর ধরে। ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলার পুনঃতদন্তে নৃশংস এই হামলার নেপথ্যের অনেক তথ্য বেরিয়ে আসে। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নতুনভাবে তদন্ত শুরু হয়। বেরিয়ে আসে অনেক অজানা চাঞ্চল্যকর কাহিনী। নিহত ও আহতদের স্বজনদের দাবি, দ্রুত আলোচিত এই মামলার বিচার শেষ করা হোক।
রাষ্ট্রপক্ষের প্রধান কেঁৗসুলি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান সমকালকে বলেন, মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে রাষ্ট্রপক্ষ আন্তরিক। বিচার এখনও শেষ না হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। আসামিদের মধ্যে চারজন উচ্চ আদালতে যাওয়ায় ২৯২ কার্যদিবস সেখানে ব্যয় হয়েছে। এ ছাড়া এই মামলার কয়েকজন আসামি একাধিক মামলায় অভিযুক্ত। তারা সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনারের ওপর হামলা, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলা, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলা ও কোটালীপাড়ায় বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি। এসব মামলায় হাজিরা দিতে তাদের প্রায় ঢাকার বাইরে নেওয়া হয়। তাই নিরবচ্ছিন্নভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি নেওয়া সম্ভব হচ্ছে না।
রাষ্ট্রপক্ষের প্রধান কেঁৗসুলি আরও বলেন, অপরাধ প্রমাণে সব সাক্ষীর বক্তব্য ও তাদের জেরার প্রয়োজন হবে না। কিছু সাক্ষী কাটছাঁট করা হবে। ডিসেম্বরের মধ্যে এই মামলার বিচার শেষ হবে আশা প্রকাশ করে তিনি বলেন, আসামিপক্ষ অনেক সময় অপ্রয়োজনীয় জেরা করে বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে।
পিলখানা হত্যা মামলায় কয়েক শতাধিক আসামি ও সাক্ষী হওয়ার পরও অনেক দ্রুত বিচার শেষ হয়েছে। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ক্ষেত্রে কেন বিচার প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতা_ এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান বলেন, রাষ্ট্রীয়ভাবে পিলখানা হত্যা মামলা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাটি অন্যান্য সাধারণ মামলার মতো চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, আসামিপক্ষ মামলার বিচার দীর্ঘায়িত করতে অতীতে আইনি মারপ্যাঁচে নানা কৌশল গ্রহণ করেছিল। চারজন আসামি উচ্চ আদালতে যান। পুরান ঢাকায় কারাফটকের সামনে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর অস্থায়ী এজলাসে এখন মামলার বিচারকাজ চলছে। আগে সপ্তাহে একদিন মামলার কার্যক্রম চললেও এখন দুই-তিন দিন চলছে শুনানি। ফলে এখন বেশ দ্রুতগতিতেই বিচারকাজ চলছে।
২০০৪ সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। আহত হন শতাধিক। অনেকে এখনও শরীরে স্পি্নন্টার নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। নারকীয় হামলায় অল্পের জন্য বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৎকালীন মেয়র মো. হানিফসহ দলীয় নেতৃবৃন্দ শেখ হাসিনাকে বাঁচাতে মানববন্ধন তৈরি করেন। দিনটি স্মরণে আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা তিন দফা তদন্ত হয়েছে। প্রথম হয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে। তখন কোনো প্রতিবেদন দাখিল হয়নি; বরং ওই সময় বিএনপি সরকার মামলাটি ভিন্ন খাতে নিতে অনেক ষড়যন্ত্র করে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একটি গোয়েন্দা সংস্থার কিছু অসাধু কর্মকর্তাকে ব্যবহার করেন। এমনকি আওয়ামী লীগ সরকারের দিকে হামলার ব্যাপারে অভিযোগের আঙুল তুলে বিএনপির শীর্ষ পর্যায় থেকে বিষয়টি ‘হালকা’ করার চেষ্টা করা হয়েছিল। বিএনপি নেতারা উল্টো আওয়ামী লীগকে এ ঘটনার জন্য অভিযুক্ত করছিল। সাজানো হয় জজ মিয়া নাটক।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে নতুনভাবে এই মামলার তদন্ত শুরু হয়। তাতে বেরিয়ে আসে বিএনপির তৎকালীন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর সহযোগিতায় হুজিবি জঙ্গিদের শেখ হাসিনাকে হত্যার চক্রান্তের আদ্যোপ্রান্ত। বিভিন্ন সময় আরও কয়েক দফায় শেখ হাসিনাকে হত্যার টার্গেট করে হুজিবি। ২০০৮ সালের ১১ জুন হুজিবি নেতা মুফতি হান্নান, আবদুস সালাম পিন্টু, মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। একই সঙ্গে জজ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে ওই তদন্তে গ্রেনেডের উৎস ও আর্জেস গ্রেনেড হামলার পরিকল্পনার পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটন করা যায়নি। সর্বশেষ মহাজোট সরকারের আমলে পুনঃতদন্ত হয়। ২০০৯ সালে এক আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। দুই বছর তদন্তের পর ২০১১ সালের ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। এতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আরও ৩০ জনকে আসামি করা হয়। অভিযোগপত্রে আসামির সংখ্যা দাঁড়ায় ৫২। হত্যা ও বিস্ফোরক মামলার বিভিন্ন প্রক্রিয়া শেষ করে বিচার শুরু হতে কেটে যায় আরও আট মাস। সম্পূরক চার্জশিট দেওয়ার আগে সাক্ষ্য নেওয়া হয়েছিল ৬১ জনের। অধিকতর তদন্ত শেষে ২০১২ সালের ১৯ মার্চ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
রাষ্ট্রপক্ষের অন্যতম কেঁৗসুলি মোশাররফ হোসেন কাজল সমকালকে বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কারণে একদিনও বিচার বিলম্ব হয়নি। তার মতে, বিচার কার্যক্রম আরও ত্বরান্বিত করতে কিছু সুযোগ-সুবিধা বাড়ানো দরকার। এ মামলার বিচারকাজ পরিচালনার জন্য পুরনো এ ভবন উপযুক্ত নয়। বিচারক, উভয় পক্ষের আইনজীবী, সাক্ষী ও আসামিদের বসার পর্যাপ্ত জায়গা নেই। বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ আদালতটি স্থানান্তরের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
আদালতে অনুপস্থিত রাষ্ট্রপক্ষের অনেক আইনজীবী :আদালত সংশ্লিষ্টরা জানান, এ মামলায় ১৩ সরকারি আইনজীবীর মধ্যে অনেকে আদালতে হাজির হন না। রাষ্ট্রপক্ষের প্যানেলভুক্ত আইনজীবীদের মধ্যে রয়েছেন_ অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সাহারা খাতুন, মো. কামরুল ইসলাম, আবদুল্লাহ আবু, খোন্দকার আবদুল মান্নান, কাজী নজিবুল্লাহ হিরু, আবদুর রহমান হাওলাদার, মোখলেছুর রহমান বাদল, আবদুস সাত্তার দুলাল, কাজী এম সাজওয়ার হোসেন, শাহ আলম তালুকদার, শামসুদ্দিন নিলু, ফজিলাতুন্নেসা বাপ্পী ও সানজিদা খানম। তাদের মধ্যে আইনজীবী নিলু মারা গেছেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী। অ্যাডভোকেট সাহারা খাতুন, সানজিদা খানম ও ফজিলাতুন্নেসা বাপ্পী সংসদ সদস্য। মোখলেছুর রহমান বাদল ও আবদুর রহমান হাওলাদার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। মামলার গতি বাড়াতে গত বছর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলকে মামলার বিশেষ পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে সৈয়দ রেজাউর রহমান শুরু থেকেই নিয়মিত মামলা পরিচালনা করে আসছেন। অন্যান্য আইনজীবীর অনুপস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ রেজাউর রহমান সমকালকে বলেন, কোনো আইনজীবীর আসা-না আসা বড় কথা নয়। তারা তো কেউ কেউ মাঝেমধ্যে উপস্থিত হন। সব আইনজীবী রাষ্ট্রীয় দায়িত্ব মনে করে মামলাটি পরিচালনা করছেন।
সম্পূরক চার্জশিট :২০১১ সালের ৩ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করে। দুই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জোট সরকারের মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে নতুন আসামি করা হয়েছে। সম্পূরক চার্জশিটে অন্য যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন_ ডিজিএফআইর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা, শহুদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক খোদা বকস, ডিএমপির তৎকালীন উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান, সাবেক উপকমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান, হুজির আমির মাওলানা শেখ ফরিদ, নায়েবে আমির মাওলানা আবদুল হান্নান ওরফে সাবি্বর, মাওলানা আবদুর রউফ, খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, ডিজিএফআইর সাবেক কর্মকর্তা লে. কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার (বরখাস্ত), বিএনপির ঢাকা মহানগর নেতা আরিফুর রহমান, হুজিবির সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক মাওলানা আবদুস সালাম, কাশ্মীরি জঙ্গি আবদুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট, আবদুল মালেক ওরফে গোলাম মোস্তফা, সিআইডির সাবেক এসপি রুহুল আমিন, সাবেক এএসপি মুন্সী আতিকুর রহমান, সাবেক এএসপি আবদুর রশিদ, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, হুজি সদস্য হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, বাবু ওরফে রাতুল বাবু, মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন প্রমুখ। পুলিশের সাবেক তিন মহাপরিদর্শকসহ আটজন জামিনে আছেন। আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২৫ জন বর্তমানে কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন ১৯ আসামি।









