স্টাফ রিপোর্টার : বিশিষ্ট শিক্ষাবিদ ও সংবাদ বিষয়ক গবেষক ড. এম গোলাম রহমান রতন সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান মনোনীত হওয়ায় সরকার প্রধান শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। সেইসাথে তারা বাসসের নবনিযুক্ত চেয়ারম্যান ড. এম গোলাম রহমান রতনকেও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করে বলেন, তার মতো একজন সৎ, দক্ষ ও সাহসী সংগঠকের নেতৃত্বে বাসস আরও দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ ঘটাবে।
শেরপুরের বিখ্যাত মমিনবাগ পরিবারের সন্তান ড. গোলাম রহমান রতনকে ১৯ আগস্ট বুধবার সরকারী এক প্রজ্ঞাপনে বাসসের পুর্নগঠিত পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়। আগামী ৫ সেপ্টেম্বর তিনি ওই দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, ১৯৭৭ সালে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করা গোলাম রহমান ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ে ১৯৯০-১৯৯৩ এবং ২০০৪-২০০৫ সাল পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি ভারতের মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে পিএইচডি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ইউনিভার্সিটিতে সিনিয়র ফুল ব্রাইট স্কলার হিসেবে পোস্ট ডক্টরাল গবেষণাকর্ম সম্পাদন করেন। তাঁর ৬০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ২০০১ সালে ইউনিভার্সেল পিস ফেডারেশনের (নিউইয়র্ক) অ্যাম্বাসেডর ফর পিস খেতাবেও ভূষিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর তিনি পাপুয়া নিউগিনি ইউনিভার্সিটি অব ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন স্টাডিজ বিভাগের প্রধান হিসেবে ২০০৮-১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্যের দায়িত্বে রয়েছেন।
এদিকে অনলাইন পোর্টাল উত্তরাধিকার৭১নিউজ ও বাংলা ৭১ পত্রিকার সম্পাদক-প্রকাশক প্রবীর সিকদারের জামিনে সন্তোষ প্রকাশ করেছেন শেরপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ।




