স্টাফ রিপোর্টার : শেরপুরে প্রথম শ্রেণি পড়ুয়া শিশু রাহাতকে অপহরণ করে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে শেরপুরবাসী। ওই অপহরণ ও হত্যাকান্ডের সাথে জড়িত এবং মূল ঘাতকের ফাঁসির দাবিতে ১০ আগস্ট সোমবার শহরের বিভিন্ন সড়কে হাজার হাজার ছাত্র-জনতার অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওইসময় তারা হত্যাকারীদের দ্রুতবিচার ট্রাইব্যুনালে ফাঁসির দাবি জানিয়েছেন।
শিশু রাহাত হত্যাসহ সারাদেশে শিশু হত্যা, নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ‘জনউদ্যোগ’ নামে একটি নাগরিক সংগঠনের ব্যানারে ৩ দিনব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘের ওই মানববন্ধনে জেলা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিশু ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অংশ নেয়। এসময় শহরের শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠান একাত্মতা প্রকাশ করেন এবং সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক আশীষ বক্তব্য রেখে নাগরিক দাবির সাথে সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, ২ আগস্ট রবিবার দুপুরে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আব্দুল লতিফ অপহরণ করে। পরে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ৮ আগস্ট শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের কাছে মাজারের টিলা নামে একটি পাহাড় থেকে শিশু রাহাতের কঙ্কাল উদ্ধার করা হয়। শিশু রাহাত শহরের গৃর্দানারায়ণপুর এলাকার কাঠের আসবাবপত্র ব্যবসায়ী শহিদুল ইসলাম ও গৃহবধু রিনা বেগম দম্পতির ছেলে।
ওই অপহরণ ও হত্যকান্ডের ঘটনায় পুলিশ অপহৃত শিশুর খালু মো. আব্দুল লতিফ (২২), লতিফের বন্ধু আসলাম মিয়া (২১), রবিন মিয়া (২০) এবং ইমরান হাসানকে (২১) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে আসলাম ও রবিন মিয়া অপহরণ পরিকল্পনা ও হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণ করে।




















