শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। আগামী সোম বা মঙ্গলবার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দিতে পারেন। ১০ আগস্ট সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন ওইকথা জানান।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রিপন জানান, খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। আগামী সোমবার বা মঙ্গলবার তিনি রওয়ানা হতে পারেন। তিনি সেখানে সাত থেকে ১০ দিন থাকতে পারেন। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, ‘এই সরকারের সময়ে অন্য সব সেক্টরের মতো শিক্ষা খাতেও নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। ভর্তি বাণিজ্য, দলীয় শিক্ষক নিয়োগসহ সরকারের নানামুখি নৈরাজ্যের প্রভাবে শিক্ষার্থীরা এইচএসসিতে খুব ভালো করতে পারেনি।’
ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপির আন্দোলনের কারণে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এ বছর পাসের হার কমেছে। ওই অভিযোগ প্রত্যাখ্যান করে রিপন বলেন, ‘এই ঠুনকো যুক্তি দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার কারণ নেই। সন্তানের অভিভাকরা বিষয়টি জানেন।’ ফল খারাপের পেছনে রাজনীতি অন্যতম একটি ফ্যাক্টর হতে পারে, কিন্তু একমাত্র ফ্যাক্টর নয় বলেও দাবি করেন বিএনপির এ মুখপাত্র।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।




















