স্টাফ রিপোর্টার : শেরপুর সদরের বাজিতখিলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টা ও উত্যক্তকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসী। ৬ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত বাজিতখিলা বাজারের শেরপুর-বনগাঁ সড়কের পাশে ওই মানববন্ধন করা হয়। ওইসময় অংশগ্রহণকারীরা সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণ চেষ্টার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়। মানববন্ধন শেষে স্থানীয় বখাটে জাহাঙ্গীর আলম ও তার চাচা তারা মিয়ার ফাঁসি দাবি করে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।
স্কুলের শিক্ষক ও অভিভাবকরা জানান, বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের হুরমুজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং তার কয়েক সহযোগি মিলে ১ আগস্ট বাজিতখিলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক সিএনজি অটোরিক্সায় তুলে অপহরণের চেষ্টা করে। ওইসময় ওই ছাত্রীর সহপাঠীদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে বখাটেরা তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। ওই ঘটনায় শেরপুর সদর থানায় ৫ জনকে আসামী করে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হলেও এখনও গ্রেফতার হয়নি কোন আসামী।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম এবং তার সহযোগিরা বখাটে প্রকৃতির। সে তার চাচা বাজিতখিলা ইউনিয়নের মেম্বার খোরশেদ আলম তারা মিয়ার আশ্রয়-প্রশ্রয়ে এলাকায় নানা অপকর্ম করে আসছে। তারা স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন সময় নানাভাবে উত্যক্ত করে আসছিল।




