স্টাফ রিপোর্টার : শেরপুরের বয়লার ও চাতাল শ্রমিকদের নিয়ে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রয়োজনীয়তা, সুফল এবং সঠিকভাবে দুধ পান করানোর কৌশল সম্পর্কে এক সচেতনতামূলক সভা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার শহরের খোয়ারপাড় এলাকায় জেলা বয়লার-রাইস মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ওই সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপযাপন উপলক্ষে জেলা রাইস মিল মিস্ত্রী-শ্রমিক ইউনিয়নের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান আলোচক ছিলেন শেরপুর জেলা হাসপাতালের সিনিয়র শিশু বিশেষজ্ঞ ডা. মো. নুরুন্নবী। শেরপুর প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে ওই সভায় জেলা চালকল মালিক সমিতির সভাপতি প্রকৌশলী আশরাফুল আলম সেলিম প্রধান অতিথি এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডিপির স্বাস্থ্য ব্যবস্থাপক লাকি চিসিম, শিক্ষা ব্যবস্থাপক তাওহিদুল ইসলাম, অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থাপক তৃষ্ণা দাজেল, শ্রমিক ইউনিয়নের সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ময়না প্রমুখ। অনুষ্ঠানে শহরের বিভিন্ন চাতালে কর্মরত শতাধিক বয়লার ও চাতাল শ্রমিক অংশগ্রহণ করেন।









