শ্যামলবাংলা স্পোর্টস : ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাসেজের চতুর্থ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ইংল্যান্ডের টেন্ট ব্রিজে শুরু হওয়া ম্যাচে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট হারায় অসিরা। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত মাত্র ১৮.৩ ওভারে ৬০ রানেই গুটিয়ে যায় মাইকেল ক্লার্কের দল। অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ১৪ রান আসে অতিরিক্ত খাত থেকে। দলের ব্যাটসম্যানদের মধ্যে মিচেল জনসন (১৩) ও অধিনায়ক মাইকেল ক্লার্ক (১০) বাদে আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি।
অস্ট্রেলিয়াকে একাই গুঁড়িয়ে দেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। তিনি ৯.৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রানের বিনিময়ে তুলে নেন আট উইকেট, যা টেস্টে তার ক্যারিয়ার সেরা বোলিং। অন্য উইকেট দু’টি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন মার্ক উড ও স্টিভেন ফিন।
পাঁচ ম্যাচের অ্যাসেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিমধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার শুরু হওয়া চতুর্থ টেস্ট জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই অসিদের সামনে। তবে প্রথম ইনিংসে তাদের এমন ব্যাটিংয়ের পর সিরিজে টিকে থাকাটা তাদের জন্য প্রায় অসম্ভব হয়েই দাঁড়িয়েছে। সূত্র: ক্রিকইনফো









