শ্যামলবাংলা ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আর নেই। ২৭ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেঘালয় রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব শিলংয়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি ছিলেন ভারতের একাদশতম রাষ্ট্রপতি। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তাঁর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।
শিলংয়ের বেতানি হাসপাতালের পরিচালক জন সাইলো রাইয়ানতাতিয়ানাংয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, ‘স্নায়ুস্পন্দবিহীন অবস্থায় তাকে (আবদুল কালাম) হাসপাতালে আনা হয়। তখনই তার শ্বাসপ্রশ্বাস ছিল না।’
‘মিসাইল ম্যান’ খ্যাত এ পরমাণু বিজ্ঞানি ১৯৯৮ সালে পোখরান-২ নামে ভারতের দ্বিতীয় সফল পরমাণু বোমার পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে ১৯৭৪ সালে প্রথমবারের মতো পরমাণু বোমার পরীক্ষা চালায় ভারত। বিজ্ঞানী হিসেবে তিনি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশনে (আইএসআরও) দীর্ঘদিন কাজ করেন।
রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করার আগে কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ ভারত রত্ন ও পদ্মভূষণ পুরস্কার লাভ করেন আবদুল কালাম। ১৯৩১ সালের ১৫ অক্টোবর জন্ম নেওয়া এ বিজ্ঞানীর পুরো নাম আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম। তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরামে জন্ম নেওয়া বিখ্যাত এ মানুষটি ছোটবেলায় সংবাদপত্রের হকার হিসেবে কাজ করেন। অকৃতদার আবদুল কালামের বাবা মাঝি ছিলেন। গরীবের প্রতি সহানুভূতির কারণে ভারতে ‘জনগণের রাষ্ট্রপতি’ বলা হয় তাকে।
আবদুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি বলেন, বিশিষ্ট এ বিজ্ঞানীর মৃত্যুতে ভারতবাসী শোকাহত। তিনি ভারতের দারুণ একজন রাষ্ট্রপতি ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শোক বার্তায় বলেন, ‘ড. কালাম নিষ্কলঙ্ক চরিত্র, অদম্য জীবনীশক্তি, গভীর জ্ঞানী ও বিশ্বাসে দৃঢ় মানুষ ছিলেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি এক বিশাল শূন্যতা তৈরি করে গেলেন।’


























