ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাইক্রোর ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা খালে পড়ে ৩ জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় অটোরিকশার আরও ২ যাত্রী নিখোঁজ রয়েছেন। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া স্থলবন্দর সড়কের নূরপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের একজন নারী, একটি মেয়ে শিশু ও এক পুরুষ রয়েছেন বলে জানিয়েছেন আখাউড়া স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক শাহ আলম।
জানা যায়, আখাউড়া থেকে স্থলবন্দরগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রো। ধাক্কা খেয়ে অটোরিকশাটি পাশের খালে পড়ে ডুবে যায়। স্থানীয়রা খালে থাকা অটোরিকশা থেকে তিনজনকে উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খালের স্রোতের কারণে অটোরিকশার ২ আরোহীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে।




















