রাজশাহী : রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নাজমুল হক (৪৫), মিজানুর রহমান (৪০) ও জয়নাল, সবর আলী (৪৫), জাহাঙ্গীর (৪৪) ও আকবর (৪০)। এদের মধ্যে নাজমুল ও মিজানুরের বাড়ি নাচোল উপজেলায় আর সবর আলী, জাহাঙ্গীর ও আকবরের বাড়ি মোহনপুর উপজেলায়। তবে জয়নালের ঠিকানা জানা যায়নি। ১৫ জুলাই বুধবার সকালে মতিহার থানার হরিয়ান এলাকার খড়খড়ি কুখন্ডি, পুঠিয়া উপজেলার বানেশ্বর ও মোহনপুর উপজেলার বাকশইল এলাকায় ওইসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৭ জন।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে খড়খড়ি এলাকার কুখণ্ডি বাইপাসে নওদাপাড়াগামী একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই জয়নাল নামে একজন নিহত হন। আহত হন আরো চারজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল সাড়ে ছয়টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বরে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরপরই পিকআপ ভ্যানের দুই যাত্রীর মৃত্যু হয়।
এদিকে সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশইল এলাকায় নওগাঁ-রাজশাহী সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মাঝখানে একটি ভুটভুটি পড়লে ঘটনাস্থলেই ভুটভুটির তিন যাত্রী নিহত হন। আহত হন আরো দুইজন।



















