ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরর ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের আদিবাসী কবিরাজ দেশর কোচের (৬৩) নিকট ৮ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত চাঁদা না দেয়ায় তাকে বাড়ী থেকে অপহরণ করে নিয়ে ৪ কিলোমিটার দূরে নিয়ে এক বাড়ীতে আটকে রেখে হত্যা চেষ্টাও চালানো হয়েছে। ৪ জুন বৃহষ্পতিবার সকাল সাড়ে ৬ টায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টারদিকে রাংটিয়া গ্রামের দেশর কবিরাজকে রোগীর চিকিৎসার কথা বলে মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায় সন্ধ্যাকুড়া গ্রামের ইয়াকুব আলী (৩৮)। দেশরকে সন্ধাকুড়া গ্রামের ইয়াকুবের বাড়ীতে নিয়ে ঘরের দরজা বন্ধ করে তার কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে ইয়াকুব তার সঙ্গীদের নিয়ে দেশর এর হাত-পা বেধে মারধর করতে থাকে। এক পর্যায়ে দেশরকে হত্যার চেষ্টা চালায়। দেশরের ডাক চিৎকারে লোকজন এস ঘরের দরজা খুলে দেশরকে উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে ভর্তি করে। ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসি দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বাপারে ঝিনাইগাতী থানার উপ পরিদর্শক ও মামলার আইও খোকন মিয়া জানান, থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



















