কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে অপহরনের ৫ দিনেও উদ্ধার হয়নি সংখ্যালঘু পরিবারের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। অজানা আশংকায় মেয়েটির পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি পড়–য়া ও চৌদ্দশত উত্তরপাড়া গ্রামের পিতৃহীন মেয়েটি গত বৃহস্পতিবার মায়ের সাথে কটিয়াদীর মাগুড়া গ্রামের খালার বাড়ি থেকে ফিরছিল। ফেরার পথে কটিয়াদীর চরিয়াকোণা এলাকার একটি ইটভাটার সামনে থেকে কতিপয় দুর্বৃত্ত জোরপূর্বক মাকে মারধর করে মেয়েটিকে একটি সিএনজি অটোরিকসায় করে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে কটিয়াদী থানায় তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। কটিয়াদীসহ বিভিন্ন জায়গায় অভিযানও চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি।




