শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে সুন্দরবন হোটেলের পাশে নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিংয়ের এক পাশের সড়কে ধসের এক দিন বাদে অন্য পাশেও ধস দেখা দিয়েছে। এদিকে এই ধস নিয়ে অভিযোগের মুখে থাকা রাজউককে পাশ কাটিয়ে দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট ভবন মালিক বা নির্মাণ প্রতিষ্ঠানকে দায়ী করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ন্যাশনাল ব্যাংক নির্মাণাধীন টুইন টাওয়ারের পাইলিং এলাকার উত্তর-পূর্ব অংশে নতুন ধস দেখা দেয়।
কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইকবাল বলেন, নতুন করে যেখানে ধস নেমেছে সেখানে নির্মাণ শ্রমিকরা থাকলেও আগের দিনের ঘটনার পর তাদের সরিয়ে নেওয়া হয়েছিল। তাই হতাহতের ঘটনা এড়ানো গেছে।
বুধবার সকালে বৃষ্টির মধ্যে বীর উত্তম সি আর দত্ত সড়ক লাগোয়া হোটেল সুন্দরবন এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নির্মাণাধীন টুইন টাওয়ারের মাঝের ১৫ ফুট প্রশস্ত সড়কটি ধসে পাশের পাইলিংয়ের গর্তে চলে যায়।
মাটি আলগা হয়ে বেইজমেন্টের একটি অংশের দেওয়াল গর্তে চলে যাওয়ায় ঝুঁকির মধ্যে পড়ে ছয়তলা সুন্দরবন হোটেল। ওই গলির সামনের অংশে বীর উত্তম সি আর দত্ত সড়কেও ফাটল তৈরি হয়। সেখানে বালু ফেলে ঠেকানোর চেষ্টা চলার মধ্যেই নতুন করে ধস দেখা দেয়। নাজমুল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, রাত ৯টার দিকে নির্মাণাধীন টুইন টাওয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পান তিনি। “কাছে গিয়ে দেখি, উত্তর পাশে বেশ কিছু অংশ ধসে পড়েছে। সেখানে থাকা কয়েকটি বিলবোর্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
বুধবার এই ধসের পর রাজধানীতে যে ভবনের নকশা অনুমোদনকারী রাজউককে দায়ী করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস। তবে বুধবার রাতে পরিদর্শন করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রাজউকের জনবল ঘাটতির কথা তুলে ধরে তদারকির ক্ষেত্রে তাদের অসামর্থ্যের কথা সাংবাদিকদের বলেন। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রাজউক। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়ার কথা মন্ত্রী জানালেও তার কোনো অগ্রগতি জানা যায়নি।
ন্যাশনাল ব্যাংকের এই ভবনটি নির্মাণ করছে এম এস কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্ট।



















