শ্যামলবাংলা স্পোর্টস : ধর্ষণের মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন নিয়ে মডেল-চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর নারাজি আবেদন খারিজ করে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল ২০ মে বুধবার পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ওই আদেশ দেন। চিত্রনায়িকা হ্যাপী ও পেসার রুবেল দুজনই ওইসময় আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন এ ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি আলী আসগর স্বপন।
আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হ্যাপীর আইনজীবী তুহিন হাওলাদার জানান, এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা।
গত ১৭ মে হ্যাপী ট্রাইব্যুনালে রুবেলকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেছিলেন।
ওই আবেদনে বলা হয়েছিল, ‘সাক্ষীদের সঙ্গে কথা না বলেই’ প্রতিবেদন তৈরি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। মনগড়া তদন্তের মাধ্যমে আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল মুখ্য মহানগর হাকিমের আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক (ভিকটিম সাপোর্ট সেন্টার) হালিমা খাতুন।
প্রতিবেদনে বলা হয়, হ্যাপী ধর্ষণের যেসব আলামত উপস্থাপন করেছিলেন তাতে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বাদীকে পরীক্ষার পর ৩ সদস্যের মেডিকেল বোর্ড বলেছে, জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের কোনো আলামত নেই।
উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে রাজধানীর মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন হ্যাপী। এ মামলায় চার দিন কারাগারেও ছিলেন রুবেল। পরে জামিনে মুক্ত হয়ে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়ে অসাধারণ নৈপূণ্য প্রদর্শন করেন এ পেস তারকা।




