শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশ সফরে বিরাট কোহলি, আজিঙ্কা রাহানেরা থাকবেন অবকাশে। মাশরাফি-মুশফিকদের বিপক্ষে মাঠে নামানো হবে অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের দল- এমন তথ্য প্রচার হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। কিন্তু শেষ পর্যন্ত ওইসব জল্পনা-কল্পনা সব বাতাসে উড়িয়ে দিয়ে বাংলাদেশ সফরে পাঠানোর জন্য পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। ২০ মে বুধবার বাংলাদেশ সিরিজের জন্য ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করা হয়। ওয়ানডে দলে মাহেন্দ্র সিং ধোনি অধিনায়ক, টেস্ট দল মাঠে নামবে বিরাট কোহলির নেতৃত্বে। সর্বশেষ বিশ্বকাপের খেলোয়াড়রাই আছেন ওয়ানডে স্কোয়াডে, কেবল মোহাম্মদ সামি ছাড়া। টেস্ট দলে ডাকা হয়েছে হরভাজন সিংকে। দীর্ঘ ২৭ মাস পর জাতীয় দলে খেলার সুযোগ পেলেন তিনি। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছেন তিনি। সম্প্রতি আইপিএলে চোখধাঁধানো পারফরমেন্স দেখানোর পর আবার দলে ফিরলেন এই স্পিনার।বাংলাদেশ সিরিজে ভারত দলে একমাত্র বাঙ্গালি হিসেবে আছেন ঋদ্ধিমান সাহা। তাকে রাখা হয়েছে টেস্ট স্কোয়াডে।
বাংলাদেশের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে আসছে ভারত। ১০ জুন শুরু হবে টেস্ট ম্যাচ। ১৮ জুন থেকে শুরু ওয়ানডে সিরিজ।
ভারতের ওয়ানডে দল: মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধবল কুলকার্নি।
টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, হরভাজন সিং, করন শর্মা, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুন অ্যারোন ও ইশান্ত শর্মা।




