হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়নে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম কলেজ স্থাপনে এলাকাবাসীর স্বপ্ন এখন ধুলিস্যাৎ হতে যাচ্ছে। কলেজের জায়গায় এখন বেসরকারি কোম্পানী নির্মাণের পায়তারার অভিযোগ উঠেছে। গত ২০০১ ইংরেজী সনের ১৫ ফেব্রয়ারী শিল্পপতি কাজী তাজুল ইসলাম ফারুক প্রতিষ্ঠিত কাজী সিরাজুল ইসলাম কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার অর্থমন্ত্রী মরহুম শাহ এ এম এস কিবরিয়া। কিন্তু ভিত্তি প্রস্তরের ১৫ বছরেও পূরণ হয়নি ইউনিয়নবাসী স্বপ্ন। জানা যায়, কলেজের জায়গায় কোম্পানীর বিল্ডিং নির্মাণ করার জন্য চুক্তিপত্র তৈরীর প্রস্তুতি চলছে। আরও জানা যায়, কলেজ স্থাপনের কথা বলে ২০০০ সনে প্রতি একর জমি ৪৫ হাজার টাকা দরে জমির মালিকদের কাছ থেকে ক্রয় করা হয়। পূর্বের কয়েক লাখ টাকার ওই জায়গার মূল্য বর্তমানে কয়েক কোটি টাকা। আগের জমির মালিকদের অভিযোগ, তারা এখানে কলেজ প্রতিষ্ঠার জন্য কম মূল্যে জমি দিয়েছেন। এখানে কোম্পানী করার বিষয়টি তারা মানবেন না। নাম প্র্রকাশে অনিচ্ছুক এক জমির মালিক বলেন-আমাদেরকে ঠকানো হচ্ছে। যদি কলেজ নির্মাণ করা হত, তবে আমাদের কোন অভিযোগ ছিল না। এখন যদি বিদেশী ইন্ডাস্ট্রি হয়, তবে আমাদেরকে বর্তমান রেটে জমির টাকা পরিশোধ করা উচিত এ ব্যাপারে নুরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল জানান- এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। যিনি কোম্পানী নির্মাণ করছেন তিনি বলতে পারবেন। এ বিষয়ে জানতে কলেজের প্রতিষ্ঠাতা কাজী তাজুল ইসলাম ফারুকের মোবাইল ফোনে কল দিয়ে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এলাকাবাসীর দাবি, কলেজের জায়গায় কোম্পানী নয়, কলেজই প্রতিষ্ঠিত হোক। এতে এলাকার শত শত শিক্ষার্থী আজীবন উপকৃত হবে।




