শ্যামলবাংলা বিনোদন : ‘বছর দুয়েক আগে ঘোষণা দিয়েছিলাম বছরে ৫-৬টি সিনেমা করব। সেটা মেনে চলছি। আর এক উৎসবে দুটির বেশি সিনেমা মুক্তির পক্ষে নই আমি।’— কথাগুলো বলেছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান।
তিনি আরও বলেন, ‘এখন থেকে এটা মেনে চলব। তবে দর্শক চাহিদার কথা চিন্তা করলে ভাল লাগে। দর্শকরাই আমার সব। দর্শকদের দেওয়া কথা রাখছি আমি।’
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ছবিপাড়ায় শোনা যাচ্ছে, ঈদুল ফিতরে ৪টি সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি চলছে। তবে চূড়ান্ত ঘোষণার জন্য সেন্সর ছাড়পত্রের অপেক্ষা করতে হবে। সিনেমা চারটি হল- শাহিন সুমনের ‘লাভ ম্যারেজ’, এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’, ইফতেখার চৌধুরীর ‘অগ্নি টু’ ও তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’। এর মধ্যে ‘লাভ ম্যারেজ ও ‘আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রের নায়ক শাকিব খান। দুটি ছবিতে তার নায়িকা যথাক্রমে অপু বিশ্বাস ও পরীমনি।
চলচ্চিত্র ব্যবসায়ী ও প্রদর্শকদের মতে, ঈদে শাকিব খান অভিনীত ছবিগুলোর চাহিদা থাকে সবচেয়ে বেশি। এবারের ঈদেও তাই হওয়ার সম্ভাবনা বেশি। অতীতের মতো এবার এক ঈদে ৪-৫টি সিনেমা মুক্তি দিচ্ছেন না শাকিব। তবে দেখার বিষয়, শেষ মুহূর্তে শাকিবের অন্য কোনো সিনেমার পরিচালক এ রেসে শামিল হতে চান কি-না!
এদিকে ডিজিটাল প্রেক্ষাগৃহের সঙ্কট এখনো কাটেনি। এ কারণে বরাবরের মতো এবারও ঈদুল ফিতরে সিনেমা মুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তাই উৎসবে শেষ পর্যন্ত কয়টি ছবি মুক্তি পাবে তা এখনো কেউ জানে না।




