স্টাফ রিপোর্টার : দীর্ঘ সাড়ে ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী ১৯ মে মঙ্গলবার দুপুরে স্থানীয় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে মুক্তমঞ্চে ব্যতিক্রমী পরিবেশে এবার ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ওই সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলনে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, অসীম কুমার উকিল, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি ও এডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী। জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে সম্মেলনে সম্মানীত বক্তা থাকছেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক এমপি ও ফাতেমাতুজ্জহুরা শ্যামলী এমপি। সম্মেলন পরিচালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।

এদিকে জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছে। এবারই প্রথম ব্যতিক্রমী পরিবেশে আয়োজিত ওই সম্মেলনে জেলার ৫টি উপজেলা ও উপজেলার মর্যাদা সম্পন্ন একটি শহর শাখার কাউন্সিলর ডেলিগেটসহ অন্তত: ১০ হাজার নেতা-কর্মীর বসার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে ওই সম্মেলন সফল করতে গঠিত ৭টি উপ-কমিটির মাধ্যমে চলছে ব্যাপক প্রস্তুতি। সম্মেলনের পোস্টারের পাশাপাশি রং-বেরং এর শুভেচ্ছা ব্যানার, ফেস্টুন আর প্যানা সাইনবোর্ড অনেকটাই বাড়িয়ে দিয়েছে প্রাচীন শহরের সৌন্দর্য। আর এখন পর্যন্ত একাধিক প্রার্থীর আবির্ভাব না ঘটায় বিদায়ী সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ফের স্ব-স্ব পদে নির্বাচিত হতে যাচ্ছেনÑ এমনটাই মনে হচ্ছে।




