কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারের শশিকর-ভাঙ্গাব্রীজ সড়কে আইসার বাজারে একটি ঝুঁকিপূর্ণ ব্রীজের কারণে ২০গ্রামের সাধারন মানুষ চরম দূর্ভোগের শিকার হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্রীজটি দিয়ে পারাপারের সময় একের পর এক দূর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে গ্রামবাসীর অভিযোগ। তবে কোন রকম যাতে চলাচল করা যায় তার জন্য ইউনিয়ন পরিষদ থেকে সাময়িক মেরামত করা হলেও তা ভেঙ্গে পড়েছে ফলে সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থী, হাটবাজারের ক্রেতা বিক্রেতা, সাধারন গ্রামবাসীসহ যানবাহনে চলাচলরত যাত্রীরা।

বাজার কমিটির সাধারন সম্পাদক এইচ এম সামচুল আলম, ব্যবসায়ী আবু বকর মোল্লা, আলমগীর মোল্লা সহ ১০/১৫জন ব্যবসায়ী আক্ষেপ করে জানায়, উক্ত সড়কটি ভূরঘাটা থেকে গোপালগঞ্জের কোটালি পাড়ার সাথে ঢাকা-বরিশাল মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করেছে। যেখান দিয়ে মাদারীপুর জেলা সদর ও রাজধানী ঢাকায় যাতায়াতে ৩০কিলোমিটার পথ কমে আসে। অথচ শুধুমাত্র আইসার বাজারের ব্রীজটির জন্য উক্ত সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। এলাকাবাসী অভিযোগ করে জানান, এই সড়কটি দিয়ে শশিকর, নবগ্রগ্রাম, পিরারবাড়ি, বাগমারা, ধামুসা, আড়–য়াকান্দি, ডাসার, পূর্বদর্শনা, পশ্চিম দর্শনা, আইসার, পশ্চিম বোতলা, খৈযারভাঙ্গা, আটিপাড়া, খিলগ্রাম, মাগুড়া, খন্দুলিসহ ২০টি গ্রামের মানুষ চলাচল করে। এত জন গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্বেও ব্রীজটি নির্মান করা হচ্ছে না। কোমলমতি শিশু ফাতেমা, কেয়া, ডায়না, তুহিন,সহ ২০/২৫জন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী বলে ‘ উক্ত ব্রীজ পার হয়ে আমাদের স্কুলে যেতে হয়। কিন্তু ব্রীজটি ভাঙা হওয়ায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে সেটি পার হয়ে স্কুলে যাই। আমাদের প্রাণের দাবী দ্রুত ব্রীজটি নতুন করে নির্মান করা হোক’।




