নজরুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা এলাকার ভোলা নদীতে ডুবে যাওয়া এমভি জাবালে নুর জাহাজ থেকে সার গলে নদীতে ছড়িয়ে পড়ছে। বনবিভাগ শ্রমিক নিয়োগ করে সনাতন পদ্ধতিতে নৌকায় করে জাহাজ থেকে ছড়িয়ে পরা সারের গলিত অংশ অপসারনের কাজ শুরু করেছে। এদিকে, এ ঘটনায় বনবিভাগ বাদী হয়ে শরণখোলা থনায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার তিন দিন পর হলেও ৬ মে বুধবার দুপুর ১টা পর্য়ন্ত জাহাজটি উদ্ধারে কোন উদ্যোগ নেয়া হয়নি। জেলা প্রশাসন ও বনবিভাগ এ ঘটনায় পৃথক দু’টি তদন্ত টিম গঠন করেছে।

বুধবার সকাল সাড়ে ৮টায় সরেজমিনে সুন্দরবনের মরাভোলা এলাকায় (শরণখোলা উপজেলা সদর থেকে ৪০ কিমি দুরত্বে) ইঞ্জিন চালিত ট্রলারে করে জাহাজ ডুবি এলাকায় গিয়ে দেখা যায়, জাহাজটি কিছুটা কাত হয়ে ডুবে আছে। তবে, পেছনের অংশ (মাষ্টার কেবিন) পানির উপরে রয়েছে। বনবিভাগের নিয়োগকৃত ১০ শ্রমিক জাহাজের হ্যাজে ডুবিয়ে ডুবিয়ে সারের গলিত অংশ তুলে এনে নৌকায় উঠাচ্ছে। এ কাজ তদারকি করছেন বগী ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার একেএম মোজাম্মেল হোসেন ও শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ ইউসুব আলম। ফরেষ্ট রেঞ্জার মোজাম্মেল হোসেন জানান, মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে এসে ১০ বনকর্মী ও ১০ শ্রমিক দ্বারা গলিত সার অপসারনের কাজ শুরু করা হয়েছে। এতে জলজ বা বনজ সম্পদের কোন ক্ষতি হবেনা। উদ্ধার কাজ কখন শুরু করা হবে, তা তিনি জানাতে পারেনেনি। শ্রমিক বাবুল মুন্সী, আঃ হাকিম হাওলাদার, নাছির মিয়া, জাহাঙ্গীর মিয়া জানান, সারগুলি বস্তা ভর্তি থাকলে সহজে উদ্ধার করা সম্ভব ছিল। জাহাজের হ্যাজে ঢেলে আনার কারনে তা সহজেই গলে তা ছড়িয়ে পড়েছে।
সকাল ১০টায় ঘটনাস্থলে আসেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, বন সংরক্ষক (খুলনা অঞ্চল) ড. সুনিল কুমার মন্ডল, ডিএফও (পূর্ব বিভাগ) আমির হোসেন চৌধুরী, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক জয়নাল আবেদীন ও অন্যান্যরা। এসময় জেলা প্রশাসক বলেন, বিষয়টি শুনেই (মঙ্গলবার সন্ধ্যায়) তিনি শরণখোলার ইউএনও মোহাম্মদ অতুল মন্ডলকে ঘটনাস্থলে পাঠিয়েছন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামী করে মামলা দায়ের এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিকুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। সিএফ ড. সুনিল মন্ডল জানান, ডিএফও আমির হোসেন চৌধুরীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট অপর একটি কমিটি গঠন করা হয়েছে। কথন কিভাবে জাহাজটি উদ্ধার কাজ শুরু করবে, তিনি তাৎক্ষনিভাবে বলতে পারেননি।
ওই জাহাজের সারগুলি দ্রুততার সাথে অপসারন করতে পারলে ক্ষতির পরিমান কম হবে। প্রসঙ্গত, মংলা থেকে ৫’শ টন পটাশ সার (লাল সার) নিয়ে মেসার্স আল এহসান শিপিং লাইন্সের এম ৬৯৪৩ নম্বরের এম.ভি জাবালে নুর নামে একটি জাহাজ সোমবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের মরা ভোলা এলাকার ভোলা নদী অতিক্রম করার সময় নিয়ন্ত্রন হারিয়ে চরের সাথে ধাক্কা খেলে জাহাজটির তলদেশ ফেটে যায়। এতে পানি উঠে ধীরে ধীরে জাহাজটি কাত হয়ে ডুবে যায়।



















