রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বৃহস্পতিবার সকালে আবাদপুকুর-কালিগঞ্জ সড়কের ডাকাহার পাড়া নামক স্থানে দুই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ভটভটি উল্টে একজন নিহতসহ ৫ জন আহত হয়েছে।
জানা গেছে, উপজেলার দামুয়া গ্রামের ভটভটি চালক ফেরদৌস তিন জন যাত্রী নিয়ে আবাদপুকুর বাজারে আসার সময় সকাল অনুমান ৮টায় ডাকাহার পাড়া নামক স্থানে পৌছালে দুই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে (রাস্তা ভাঙ্গা থাকার কারণে) ভটভটি উল্টে চালক সহ ৬জন আহত হয়। আহতরা হলেন, দামুয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রুহুল আমিন (২০), আহম্মদ আলীর ছেলে ফেরদৌস (৩২), সুমন (২৫), সুজন (২৮) সহ অজ্ঞাত দুই সাইকেল আরোহী। আহতদের রাণীনগর হাসপাতালে নেওয়া হলে আশংকাজনক অবস্থায় রুহুল আমিন কে নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। আহতদের হাসপাতালে ভর্তি করালে রুহুলকে অচেতন অবস্থায় সদর হাসপাতালে স্থানান্তর করা হলে সে মারা যায়। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।



















