মো: মুসা, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নববর্ষের দিন যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে অবিরাম আন্দোলন চলছে। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১২টায় অভিযুক্তদের দ্রুত শাস্তি প্রদানের দাবিতে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করে।

ঝাড়ু মিছিলে শিক্ষার্থীরা প্রত্যেকে ঝাড়ু হাতে মিছিলে অংশ নিয়ে নিপীড়নের প্রতিবাদ জানায়। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মিছিলে অংশগ্রহন করেন। মিছিলটি সমাজবিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে পুরাতন কলা ভবন ঘুরে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মুন্নি চত্ত্বরে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে মিলিত হন তারা।
সমাবেশে দর্শন বিভাগের শিক্ষার্থী তন্ময় ধর বলেন, পহেলা বৈশাখে দেশের তিনটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। জাবিতে এর আগেও এ ধরনের ঘটনা ঘটলেও প্রশাসন জড়িতদের বিচার করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের মদদে একটি চক্র বারবার এ ধরণের ঘটনা ঘটাচ্ছে।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাবেয়া বশরী টুম্পা বলেন, হলে হলে দখলদারিত্ব ও একক আধিপত্যের কারণে এ ধরণের ঘটনা ঘটছে। এসব বন্ধ করতে প্রশাসনকেই উদ্যোগ নিতে হবে।
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক দ্বিপাঞ্জন সিদ্ধান্ত কাজলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইন্ডেজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি জয়সেন তনচঙ্গা, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিয়া ফেরদৌস চৈতি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রজব প্রমুখ।
বক্তারা তদন্তের নামে বিচারপ্রক্রিয়ার দীর্ঘ্যসূত্রীতা করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে নিপীড়ন বিরোধী সেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন, নববর্ষের ঘটনার পর দু’সপ্তাহ পার হয়ে গেলেও বিচারের জন্য প্রশাসনের দিক থেকে এখনো কোন কার্যকর বক্তব্য পাওয়া যাচ্ছে না।
এসময় তারা সকল শিক্ষার্থীদের এই নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে শিক্ষক-শিক্ষার্থী মিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন ।
এছাড়া গতকাল অবস্থান কর্মসূচিতে চলতি সপ্তাহের মধ্যে কোনও আশানুরূপ ফলাফল না পেলে বিশ্ববিদ্যালয় অচল করে দেয়ার ঘোষণা দেন তারা।
উল্লেখ্য, গত রোববার বিকেলে শিক-শিার্থী ঐক্য মঞ্চ’র ব্যানারে নিপীড়কদের আজীবন বহিষ্কারসহ ৫ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।



















