নেত্রকোনা সংবাদদাতা : উৎপাদিত বোরো ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে জেলার আটপাড়া উপজেলার কৃয়েকটি গ্রামের কৃষকরা বৃহস্পতিবার বিক্ষোভ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে। বেসরকারি সংস্থা বারসিকের সহযোগিতায় জেলা জনসংগঠন ও আটপাড়া উপজেলা জনসংগঠন স্বরমুশিয়া ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের চৌরাস্তার মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে। এতে দুর্গাগ্রাম, কৃষ্ণপুর, পুখলগাও, অভয়পাশা, হোসেনপুর, রামেশ্বরপুর, দিয়ারা, শ্রীরামপুর ও শ্রীপুর গ্রামের কৃষকরা অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন শ্রীরামপুর গ্রামের কৃষক মোঃ শহীদুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনঃ কৃষক জালাল উদ্দিন, কিষাণী ফুলেছা আক্তার, ইউপি মেম্বার কাঞ্চন মিয়া, আব্দুল ওয়াদুদ খান ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান।
সংবাদ সম্মেলনে কৃষকরা কৃষিবান্ধব নীতি প্রণয়ন, কৃষি তথ্যের সহজ প্রাপ্তির লক্ষ্যে ই-কৃষি পদ্ধতির প্রচলন, সার ও ডিজেলের মূল্য কমানো, কৃষি এলাকায় অগভীর নলকুপ স্থাপন, উৎপাদিত কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য প্রদান এবং উৎপাদিত ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয়ের জন্য ইউনিয়ন ভিত্তিক ক্রয় কেন্দ্র স্থাপনসহ ১৬ দফা দাবি তুলে ধরা হয়।



















