নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ২ গাঁজা ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের মো. ইব্রাহীম (৪৮) ও নয়াবিল ইউনিয়নের মো. শাহ আলম (৫২)। ২৭ এপ্রিল সোমবার ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ মোল্লা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৭টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে কালাকুমা গ্রামে মো. ইব্রাহীমের বাড়িতে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে নয়াবিল ইউনিয়নের নয়াবিল গ্রামের শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে ৯শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে সকাল সাড়ে ১০টার সময় উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ মোল্লা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে ২ ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেন।




