রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় রাজনৈতিক অস্থিরতা লাগাতার হরতাল-অবরোধ পরিবহণে অগ্নি সংযোগ প্রতিবেশি দেশ ভারত থেকে চাল আমদানি, অটো রাইস মিলের দাপট এবং অতিরিক্ত পরিবহন ভাড়ার কারণে যথা সময়ে প্রয়োজন মতো উত্তরাঞ্চলের বিভিন্ন মোকাম থেকে ধান ক্রয় করে চাতালে আনতে না পারায় উপজেলার প্রায় শতাধিক হাসকিং মিল চাতাল বন্ধ হয়ে গেছে। ফলে কর্মরত নারী-পুরুষ শ্রমিকরা কর্ম হারিয়ে ধার-দেনা করে ঋণের বোঝা মাথায় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। অভাবের তাড়নায় এ পেশা ছেড়ে বিভিন্ন হোটেল রেন্তোরা বাসা-বাড়ি ও রিক্রা ভ্যান চালানোসহ কম মজুরির কাজ করতে বাধ্য হচ্ছে।
দেশের উত্তরাঞ্চলের শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁ জেলার রাণীনগর উপজেলা সদরসহ ৬টি ইউনিয়নে ছোট বড় মাঝাড়ি ধরণের প্রায় ১৩৪টি হাসকিং মিল চাতাল আছে। এর মধ্যে খাদ্য বিভাগের তালিকাভূক্ত আছে ১৩০টি। এসব চাউল কল ব্যবসায়ীরা স্থানীয় ভাবে ধান সংগ্রহসহ বিভিন্ন এলাকা থেকে নানান জাতের ধান ক্রয়, সিদ্ধ শুকান শেষে মিলে ভেঙ্গে মান সম্পন্ন চাল তৈরি করে নওগাঁর মোকামসহ চাহিদা মোতাবেক দেশের বিভিন্ন জেলায় ট্রাক ও নৌপথে সরবরাহ করে। আমন মৌসুমের ধান কাটা মাড়া অনেক আগে শেষ হলেও কিছু কিছু কৃষক একটু দাম বেশি পাওয়ার আশায় ধান গুদামজাত করে রাখে। বর্তমান মূল্যে সেই ধান বিক্রি করলে লাভ তো দূরের কথা উৎপাদন ব্যয় গুদাম ভাড়া দিতেই শেষ হয়ে যাবে। তাই কম দামের কারণে ধান বিক্রি করতে না পারায় অন্য কোনো সম্পদ বিক্রি করে সংসারের নিত্যপ্রয়েজনীয় চাহিদা মেটাতে বাধ্য হচ্ছে। আমন মৌসুমের ধান কেনা বেচা শেষ করতে না পারতেই সপ্তাহ খানিকের মধ্যেই পুরো দমে ইরি-বোরো ধান কাটা শুরু হবে। নতুন ধানের ইতিমধ্যে দরপতনের আশংকা দেখা দিয়েছে। এই যেন কৃষকের মরার উপর খাড়ার ঘা। পাশাপাশি বেশ কিছু মিল মালিকরা অধিক মুনাফার আশায় চাল গুদামজাত করে রেখেছে তাদের প্রতি (৮৪ কেজি) বস্তায় প্রায় ৫শ’ টাকা লোকসান গুনতে হতে পারে বলে ব্যবসায়ীরা জানান। চাল ব্যবসা ধ্বসের আশংকায় মিল মালিকেরা চাতাল বন্ধ করায় এ পেশার সাথে জড়িত প্রায় ২ হাজার নারী-পুরুষ শ্রমিক খেয়ে না খেয়ে বিভিন্ন এনজিও সংস্থা ও মিল মালিকদের কাছ থেকে আগাম টাকা নিয়ে ধার দেনা করে মানবেতর জীবন যাপন করছে।

বিশিষ্ট চাল ব্যবসায়ী আসাদুল সাকিদার জানান, আমন মৌসুমে ব্যবসা ভালই হচ্ছিল। হঠাং করে ২০ দলীয় জোটের হরতাল অবরোধের কর্মসূচীর কারণে ধান পরিবহণে বেশি খরচ, চালের দরপতন হওয়ায় বেশি লোকসানের কারণে চাতাল মিল বন্ধ রেখেছি।
লেবার সরদার আব্দুল জলিল জানান, আমি রবি পালের মিলে ১৫জন লেবার নিয়ে কাজ করতাম। মালিকের চালের ব্যবসা লোকসানের কারণে মিল বন্ধ করায় পেটের দায়ে সামান্য টাকার বিনিময়ে খাবার হোটেলে কাজ করছি।
এ ব্যাপারে উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আল-হাজ্ব মোফাজ্জল হোসেন হেলাল জানান, রাজনৈতিক অস্থিরতা, পরিবহণ ভাড়া বৃদ্ধি, বাজারে চালের চাহিদা না থাকা এবং প্রয়োজন মতো মোকাম থেকে ধান আনতে না পারায় লোকসানের কারণে মিল বন্ধ রেখেছি। যে পরিমান চাল গুদামে আছে তা বিক্রি করলে লাভ তো দূরের কথা ব্যাংকের পাওনাই পরিশোধ করতে পারব না। সামনে নতুন ধান কিনে কিভাবে মিল চালু করবো সেই চিন্তাই ভূগছি।
সাধারণ সম্পাদক রফিকুল আলম বাবু বলেন, সরকার চালের বাজার স্থিতিশীল রাখতে এলসি’র মাধ্যমে ভারত থেকে চাল আনায় বাজারে দেশী চালের দাম শ্রেণী ভেদে ২শ’ থেকে ৩শ’ টাকা পর্যন্ত কমে যাওয়ায় মিল মালিকরা লোকসানের আশংকায় মিল বন্ধ করে দিয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোহাজের হোসেন জানান, রাণীনগরে বর্তমানে খোলা বাজারে চাল বিক্রি বাজার ধরে রাখতে ভারত থেকে চাল আমদানি ও সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চাল বাজারে আসায় এই মহুর্তে চালের দাম কম তাই চাল ব্যবসায়ীরা কেনা বেচা করে লাভ করতে না পারায় মিলগুলো বন্ধ রয়েছে। তবে নতুন ধান বাজারে আসলে মিল মালিকার চাতাল চালু করলে বাজার স্বাভাবিক হতে পারে বলে তিনি জানান।



















