রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দ বাউসা গ্রামের মৃত মুন্তাজ আলীর ছেলে গুড় ব্যবসায়ী মুনজুর রহমান নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পার হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ হওয়া ব্যবসায়ীর পরিবার সূত্র জানায়, মুনজুর রহমান গত বছরের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় নিজ এলাকা থেকে ট্রাক বোঝায় করে গুড় নিয়ে নেত্রকোনায় যায়। সেখান গুড় বুঝিয়ে দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহের শহরের পাটগুদাম বাসষ্ট্যান্ডে যায়। ওইস্থান থেকে মুনজুর নিখোঁজ হয়। তার চাচা শিক্ষক আবদুল লতিফ জানান, তার কাছে গুড় বিক্রির তিন লক্ষ টাকা ছিল। ওই টাকার জন্য মলমপাটি অথবা অপহরনকারিরা অপহরণ করে নিয়ে যেতে পারে। তাকে বিভিন্নস্থানে ১৫ দিন যাবত খোঁজ করে পাওয়া যাচ্ছে না। অবশেষে ২৯ ডিসেম্বর ময়মনসিংহের কোতোয়ালী থানায় তার বড় ভাই মনিরুল ইসলাম বাদি হয়ে সাধারণ ডাইরি করেন।

উল্লেখ্য ১ ডিসেম্বর সন্ধ্যায় সিরাজগঞ্জের সাহাজাদপুর লোহাগড়ার এক মাঠে অঙ্গান অবস্থায় পড়ে আছে মর্মে নিখোঁজের পরিবারকে মোবাইলে সংবাদ দেয়া হয়। তার অবস্থা খারাপ বলে হাসপাতালে ভর্তি করতে হবে মর্মে তাৎক্ষনিক বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠানোর জন্য অনুরোধ করেন প্রতারকরা। পরিবারের পক্ষ থেকে ০১৭৯৭-১৬২৭২৯ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠান হয়। টাকা দিয়ে সিরাজগঞ্জের সাহাজাদপুর হাসপাতালে নিখোঁজের পরিবারকে আসতে বলেন। হাসপাতালে গিয়ে তার কোন হদিস পাওয়া যায়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ভূয়া সংবাদের মাধ্যমে প্রতারনার শিকার হলেন নিখোঁজ মুনজুর পরিবার। নিখোঁজের ভাই মনিরুল ইসলাম জানান, জাহিদ হোসেন নামের এক ব্যক্তি সমকালের সাংবাদিক পরিচয় দিয়ে প্রথমে আড়ানী ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তারপর আমাদের জানালে আমরা তার সঙ্গে যোগাযোগ করি। তার সাথে যোগযোগ করে পাঁচ হাজার টাকা প্রতারনার শিকার হয়েছি। ভাইকে ১৫ দিন যাবত পাচ্ছিনা তারপর প্রতারনার শিকার হয়েছি।
কোতোয়ালী থানায় উপপুলিশ পরিদর্শক একে আজাদ জানান, অভিযোগ পাওয়ার পরপর বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়েছে এবং উদ্ধারের চেষ্টা চলছে। বাঘা থানার ওসি আমিনুর রহমান জানান, ওই অভিযোগের একটি কপি পেয়ে আমরাও বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠিয়েছি। আমার এলাকাতেও অনুসন্ধান চলছে। তার সন্ধান পেলে ০১৭১০-৬৩৩৫২০ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজের চাচা শিক্ষক আবদুল লতিফ।



















