অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের মৃত আব্দুল হকের ছোটছেলে আবুল কালাম (৩৩) প্রাইভেটকারের ড্রাইভার হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তার মেঝভাই আবু তালেব এলাকায় কৃষিকাজ করেন। আর বড়ভাই ইব্রাহিমও ঢাকায় গাড়ি চালান।
সন্তান দগ্ধ হওয়ার কথা শুনে দুপুরে হাসপাতালে উপস্থিত হন মা সুফিয়া বেগম ও চাচাত বোন জাহানারা বেগম। তারা এ প্রতিনিধিকে জানান, গত শুক্রবার রাত ১১টায় নিউ ইস্কাটন রোডের সেলিম কমিউনিটি সেন্টারের সামনে পার্কিং অবস্থায় একটি প্রাইভেটকারে পেট্রল ঢেলে আগুণ দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুণ নিভিয়ে গাড়ি থেকে বের করে চালক আবুল কালামকে। ততক্ষণে তার শরীরের অর্ধেকাংশ আগুনে ঝল্সে যায়। আবুল কালাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে বার্ণ ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থশঙ্কর পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবুল কালামের শরীরের ৩৩ ভাগ পুড়ে গেছে। তবে সবচেয়ে বড় সমস্যা হয়েছে তার শ্বাসনালীর বড় একটা অংশও পুড়ে গেছে। তাই তার শারীরিক অবস্থার ব্যাপারে এখনই কিছু বলা যাবেনা। এদিকে অগ্নিদগ্ধ কালামের স্বজনরা হাসপাতালের অসহযোগিতার অভিযোগ করে বলেন, সবকিছু আমাদেরই কিনতে হচ্ছে। এমনকি সুঁচ পর্যন্তও আমাদের কিনে দিতে হচ্ছে। তারপরও এখানকার নার্সরা রোগীর ঠিকমত খোঁজ নিচ্ছেনা।
উল্লেখ্য, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদের ভাতিজা নাদিম চৌধুরীর গাড়িচালক আবুল কালাম। সে প্রায় সময়ই আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে থাকত। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গেও তার পরিচয় ছিল। অনেক সময় কালামের গাড়িতে করেই চলাফেরা করতেন মায়া। ফলে তার অনেকটা ¯েœহও পেয়েছিল কালাম। আর তাই বিড়বিড় করে কালাম বলছে, মায়া ভাইরে বইলেন, আমি আর বাঁচুম না। আমারে হে যেন আইসা একটু দেইখ্যা যায়। আর এহানকার ডাক্তারগো একটু কইয়া যায় আমার যতœ নিতে।



















