শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা বিক্রি শুরু হয়েছে । ৫ হাজার টন কয়লার আবেদন করেও কয়লা পেয়েছেন মাত্র ১০০ টন। এতে ছোট ইটভাটাগুলোর চাহিদা কমে গেলেও, বিপাকে পড়েছে বড় ইটভাটা ও বয়লার চালিত শিল্পপ্রতিষ্ঠানগুলো।
সূত্র জানিয়েছে বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ কয়লা বিক্রির নোটিশ দেয়ার সঙ্গে সঙ্গে গত ১৭ , ১৮ ও ২১শে ডিসেম্বর কয়লা কেনার জন্য ১০০ থেকে ৫ হাজার টন পর্যন্ত চাহিদা উল্লেখ করে ৫ হাজারের অধিক আবেদন জমা হয়, এতে প্রায় ৭ লাখ টন কয়লা কেনার আবেদন পড়ে। কিন্তু এই সময় খনি কর্তৃপক্ষের কাছে মাত্র ৬০ হাজার টন বিক্রিযোগ্য কয়লা মজুদ থাকায়, কয়লা কিনতে ইচ্ছুকরা, কয়লা পাওয়া নিয়ে নানা প্রকার তদ্বির শুরু করেন খনি কর্তৃপক্ষের কাছে। অবশেষে খনি কর্তৃপক্ষ সব তদ্বির উপেক্ষা করে বিক্রীত কয়লার মজুদ অনুযায়ী প্রতি আবেদনের বিপরীতে ১০০ টন কয়লা বরাদ্দ দেয়। এতে ক্ষুদ্র ভাটা মালিকদের চাহিদা পূরণ হলেও বড় বড় ভাটা মালিক ও বয়লার চালিত শিল্পপ্রতিষ্ঠানের কয়লা চাহিদা অপূর্ণই থেকে যায়। কয়লা কিনতে আসা কয়েক জন ভাটা মালিক জানান, কয়লা বিক্রির নোটিশ পাওয়া মাত্রই সারা দেশ থেকে ভাটার মালিকরা কয়লা কেনার জন্য খনিতে ভিড় জমায়, এতে বিক্রির কয়লার পরিমাণের প্রায় ২০ গুণ আবেদন জমা পড়ে। এতে কয়লা পাওয়া নিয়ে অনিশ্চিতয়তা দেখা দেয় ভাটা মালিকদের। তারা বলেন, অনেক ভাটা মালিকের পক্ষে রাজনৈতিকভাবে তদ্বিরও করতে দেখা যায়। কিন্তু সেই তদ্বির অনুযায়ী কয়লা সরবরাহ কর্তৃপক্ষ না করায় তারা সন্তোষ প্রকাশ করেন। বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান বলেন, এই মুহূর্তে খনিতে ১ লাখ টন কয়লা মজুদ রয়েছে, বড়পুকুরিয়া তাপ বিদুৎকেন্দ্রের জন্য ৪০ হাজার টন কয়লা মজুদ রেখে ৬০ হাজার টন কয়লা বিক্রি করছি, বর্তমানে কয়লার বিশাল চাহিদা থাকায় ৫ হাজারের অধিক আবেদন জমা হয়েছে, যা এর আগে কখনও এত চাহিদা একসঙ্গে দেখা দেয়নি। তাই আমরা ‘আগে এলে আগে পাবেন ’- এই নীতিতে প্রতি আবেদনে মজুদ কয়লার ওপর ভিত্তি করে প্রতি আবেদনে ১০০ টন করে কয়লা বরাদ্দ দিয়েছি। তিনি আরও বলেন, এখন খনিতে কয়লা উৎপাদন অব্যাহত আছে। প্রতিদিন প্রায় সাড়ে ৪ হাজার টন কয়লা উৎপাদন হচ্ছে। এই উৎপাদন অব্যাহত থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্য আবারও কয়লা বিক্রির নোটিশ দেয়া হবে, পর্যায়ক্রমে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।



















