স্টাফ রিপোর্টার : চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে সোহাগপুর বিধবাপল্লীতে হুমকির অভিযোগে গ্রেফতারকৃত আরশাদ আলী (৫৫) কে কারাগারে পাঠানো হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার বিকেলে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আরশাদ আলীকে আদালতে সোপর্দ করা হলে তার পক্ষে জামিনের কোন আবেদন না থাকায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ তাকে সরাসরি জেলা কারাগারে প্রেরণ করেন। রবিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেনুপাড়া গ্রাম থেকে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যদন্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান মুহাম্মদ কামারুজ্জামানের সাফাই সাক্ষী আরশাদ আলীকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় মৃত একাব্বর আলীর ছেলে।

জানা যায়, রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ও সোহাগপুর শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন কাকরকান্দি বাজার থেকে বিধবাপল্লীতে পৌছার পথে বেনুপাড়া এলাকায় রাস্তায় তাকে একা পেয়ে অবরুদ্ধ করে ফেলে কামারুজ্জামানের সাফাই সাক্ষী আরশাদ আলী ও তার ৫/৬ জন সহযোগি। ওই অবস্থায় আরশাদ আলী জালাল উদ্দিনের কাছে নিরাপদে বাঁচতে হলে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। জালাল উদ্দিন চাঁদা দিতে অস্বীকার করলে তাকে এই বলে হুমকি দেওয়া হয় যে, ‘অবিলম্বে চাঁদার টাকা না দিলে তাকেসহ বিধবাপল্লীর অন্যান্য সাক্ষী ও সদস্যদেরকেও খুন করে লাশ গুম করে ফেলা হবে। জালালের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে আরশাদ আলীকে আটক করে প্রথমে নালিতাবাড়ী থানায় এবং পরে নিরাপত্তার প্রশ্নে তাকে শেরপুর সদর থানায় নিয়ে রাখা হয়। ওই ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কামারুজ্জামানের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী জালাল উদ্দিনের কাছে চাঁদা দাবি ও তাকেসহ বিধবাপল্লীর অধিবাসীদের হুমকি দেওয়ার অভিযোগে একই মামলার সাফাই সাক্ষী আরশাদ আলীকে আটকের পর নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।



















