কুমিল্লা ও দিনাজপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করায় কুমিল্লা ও দিনাজপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পৃথক ৪ টি মানহানির মামলা হয়েছে।

যুক্তরাজ্যের ইষ্ট লন্ডনে দা অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে পৃথক পৃথক ৩টি মামলা দায়ের করেন কুমিল্লার ৩ উপজেলার ৩ শীর্ষ ছাত্রলীগ নেতারা। কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মিথীলা ইসলামের আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লার চান্দিনা পৌর শাখা’র সভাপতি মোঃ মোজাম্মেল হক, কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নাসরিন জাহানের আদালতে মামলা দায়ের করেন বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লার তিতাস উপজেলা শাখার সভাপতি কামাল পারভেজ ও কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আফরোজা জেসমিন কলি’র আদালতে মামলা দায়ের করেন বাংলাদেশ ছাত্রলীগ দেবিদ্বার উপজেলার শাখার যুগ্ম আহবায়ক হোসাইন আহমেদ। ওই মামলা ৩টি আমলে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন বিজ্ঞ আদালত। এ নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে কুমিল্লায় ৪টি মামলা দায়ের হলো।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়- গত ১৫ ডিসেম্বর সোমবার রাতে যুক্তরাজ্যের ইষ্ট লন্ডনে দা অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- “বাংলাদেশের রাজনীতিতে শেখ মুজিব এখন আওয়ামীলীগের লাল সালু। এই সালুকে ঘিরে থাকা ভন্ডরাই নিজেদের স্বার্থে যাকে তাকে রাজাকার আখ্যা দিচ্ছে”। তিনি আরও বলেন- “আওয়ামীলীগ দাবী করে তাদের দল নাকি মুক্তিযুদ্ধের দল অথচ চোরের দল, চাটার দল আখ্যা নিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামীলীগকে বাংলাদেশে নিষিদ্ধ করেছিলেন। আ’লীগ মুক্তিযুদ্ধকালীন দল বটে। তবে মুক্তিযুদ্ধের দল নয়। মুক্তিযুদ্ধের দল হলে আ’লীগ হত্যার দায়ে শেখ মুজিবই বড় রাজাকার। ৭ই মার্চ শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিলে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানী হতো না”। এত মানুষের প্রাণহানির দায় শেখ মুজিব এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন- সবার কাছে দিবালোকের মত স্পষ্ট যে, “মুক্তিযুদ্ধে শেখ মুজিব ও তাঁর পরিবারের বিন্দুমাত্র ভূমিকা ছিল না, বরং ২৫শে মার্চ শেখ মুজিব সমঝোতার মাধ্যমে “শখের বন্দি” হন। ওই বক্তব্য বাংলাদেশের সর্বক্ষেত্রে দৈনিক ইনকিলাব পত্রিকায় “শেখ মুজিবুর রহমানই বড় রাজাকার-তারেক রহমান” শিরোনামে সংবাদ প্রকাশসহ সকল প্রচারিত সংবাদপত্রে, বিভিন্ন নিউজ চ্যানেল, ফেইসবুক ও টুইটারসহ বিভিন্ন ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়িলে বাংলাদেশের সর্বত্র স্বাধীনতার চেতনায় উদ্ধুদ্ধ জনগণ মানসিকভাবে আঘাত প্রাপ্ত হয় এবং মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে উঠা সমাজ ব্যবস্থার প্রত্যেক সচেতন নাগরিকের মানসম্মান ক্ষুন্ন হয়।
এদিকে, কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু কাউসার অনিক ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির বলেন- স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রামানিক দলিলপত্রের কোথাও বঙ্গবন্ধুকে “রাজাকার” বা “শখের বন্দি” হিসাবে উল্লেখ না থাকায় ইতিহাস বিকৃতির মাধ্যমে তারেক রহমান তাহার স্বভাবসূলভ আচরনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অমর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রদান করিয়া প্রকৃতপক্ষে বাংলাদেশের মু্িক্তযুদ্ধের স্বপক্ষের প্রত্যেক নাগরিকের মানসম্মান ক্ষুন্ন করিয়াছেন। বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ওই কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বিএনপির আগামীদিনের সকল আন্দোলন প্রতিহত করার হুঁশিয়ারি দেন ওই দু’ নেতা।
কুমিল্লার তিতাস উপজেলার ছাত্রলীগের সভাপতি কামাল পারভেজ এর দায়ের করা মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে আগামি ২২ জানুয়ারির মধ্যে আসামী তারেক রহমানকে স্বশরীলে হাজির হওয়ার জন্য সমন জারি এবং অপর দু’টি মামলা বিজ্ঞ আদালত আমলে নিয়ে আগামি ৩০ জানুয়ারি মধ্যে স্বশরীলে হাজির হওয়ার জন্য সমন জারির বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু কাউসার অনিক ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির।
বাদী পক্ষে নিযুক্তিয় আইনজীবীরা হলেন- কুমিল্লা বারের সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম সেলিম, অ্যাড. নিজামুল হক, অ্যাড. আহম্মেদ ফয়সাল, অ্যাড. হারুনুর রশিদ, অ্যাড. তমাল, অ্যাড. সবুজ, অ্যাড. সুবীর নন্দী বাবু, অ্যাড. নুরুদ্দিন মিয়াজী বুলবুল, অ্যাড. জিয়াউল হক সোহাগ, অ্যাড. রাজুসহ কুমিল্লা বারের আ’লীগ পন্থী অর্ধশতাধিক আইনজীবী।
উল্লেখ্য, এর আগে গত ১৮ ডিসেম্বর কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শেখ রাসেল ক্রীড়া চক্র, কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কুমিল্লা বারের তরুণ অ্যাড. সুবীর নন্দী বাবু বাদী হয়ে দায়েরকৃত মামলায়ও সমন জারি করা হয়।
শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “রাজাকার”বলে কটুক্তি করায় দিনাজপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার দুপুরে দিনাজপুরের ১ম শ্রেণী’র জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১ এর বিচারক তহিদুল ইসলাম চৌধুরী মামলাটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন।
৫০০,৫০১ ও ৫০২ ধারায় এ এ মামলা দায়ের করেছেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন।
এ মামলায় বাদী পক্ষের বিচারক ছিলেন,এডভোকেট শামসুর রহমান পারভেজ,এডভোকেট হাসান ইমাম নয়ন ও এডভোকেট লায়লা আঞ্জুমান বানু।



















