মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : ১৬ ডিসেম্বর ও ৪৩তম মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ১২.০১ মিনিটে দিনের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের ব্যবস্থা করে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন। তবে প্রশাসন আয়োজিত প্রথম প্রহরে অনুষ্ঠানে অব্যবস্থাপনাই সবার চোখে পড়ে।

প্রশাসনের এমন অবব্যস্থাপনার কারণে জুতা পায়ে শহীদ মিনারের আঙ্গিনায় প্রবেশ ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ফলে উপজেলা প্রশাসনের কতিপয় মুখচেনা প্রতিষ্ঠান ও ব্যক্তি ব্যতিত কেউই ঠিক মতো পুষ্পার্ঘ অর্পণ করতে পারেনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূঁইয়া এ সময় উপস্থিত থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বরং সম্মুখে দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করেছেন। তবে এ নিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষনিক ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। আর এ ঘটনায় অসন্তুষ্ট হয়ে স্থানীয়ভাবে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ কয়েকটি প্রতিষ্ঠান শহীদ মিনারে সর্বশেষ পুষ্পার্ঘ অর্পন করে।



















