কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলন সভাপতিত্ব করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা আরজুমান বানু। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৈয়দ আশরাফুল ইসলাম।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আওয়ামী লীগের একটি ঐতিহ্য রয়েছে। আওয়ামী লীগকে এ পর্যায়ে নিয়ে আসার জন্য জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতার রক্ত, হাজারো নিবেদিত নেতা-কর্মীর রক্ত, তাঁদের ত্যাগ-মেধার মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হয়েছে, সেই অনুভূতিই কিন্তু আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু কোনো রাজনৈতিক দল নয়।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু-ভাসানীসহ অনেক নেতৃবৃন্দ। সবাই কিন্তু আওয়ামী লীগের পদে স্থায়ী ছিলেন না। বঙ্গবন্ধু আওয়ামী লীগের হাল ধরার পর তিনি দলকে একটি যুগান্তকারী সংগঠনে রূপ দেন। যার ফলে মুক্তিযুদ্ধে জয়লাভ করে দেশ স্বাধীন হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চেীধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: বদিউজ্জামান ভুইয়া ডাবলু, মুন্নজান সুফিয়ান, এসএম কামাল, আমিনুর রহমান আমিন, আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য আলহাজ সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনকে ঘিরে আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন শুরুর ১ঘন্টা আগে থেকে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে সম্মেলনে যোগ দেয়।




