ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর হাসপাতালে টিকিট নেয়ার সময় ২ রোগির গলা থেকে চেইন নিয়ে পালিয়ে যাবার সময় ৬ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার সকাল ১১ টায় এঘটনা ঘটেছে। আটককৃতরা হল চাঁদপুরের মতলব থানার তাসলিমা (১২), আকলিমা (২০), হবিগঞ্জের মাদবপুর থানার হেনা বেগম(২২), শায়েস্তাগঞ্জ থানার জেসমিন(২০) ব্রাক্ষ্মনবাড়িয়ার নাসিরনগর থানার আরজু(২৪) ও নার্গিস বেগম (৩০)। সদর উপজেলার বীরকাঠি গ্রামের রুমা আক্তার জানান, হাসাপাতালে টিকিট নেয়ার সময় কয়েকজনে আমাকে ঘিরে ফেলে। একজনে পায়ে পাড়া দিয়ে আরেকজনে ধাক্কা দেয় ইতিমধ্যে গলার ১ ভরি ওজনের চেইন ছিড়ে মূহুর্তের মধ্যেই সটকে পড়ে। পিছনে পিছনে গিয়ে শহরের ব্র্যাকমোড়ে গিয়ে বরিশালগামী বাস থেকে তাদেরকে ধরা হলে চেইন মুখে নিয়ে গিলে ফেলে। স্থানীয় যাত্রীদের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটকের খবর পেয়ে ভুক্ত ভোগি পূর্ব চাঁদকাঠির সাথি আক্তার ও বিকনা এলাকার শারমিন সুলতানা সুমি থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। ঝালকাঠি সদর থানার ওসি শিলমনি চাকমা জানান, এরা জেলার বাইরে থেকে এসে একটি চক্র হয়ে এসব অপকর্ম করছে। রোগীর চেইন ছিনতাই করে গিলে ফেলায় সদর হাসপাতালে ওয়াশ করতে দেয়া হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




















