ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনার সাঁথিয়ায় যৌতুকের দাবীতে পাষন্ড স্বামী মামুন তার স্ত্রী লুবা (২৩) কে পিটিয়ে হত্যা করেছে। ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী মামুন পলাতক রয়েছে। নিহত লুবা সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের আঃ ছালামের মেয়ে।

নিহতের পরিবারের অভিযোগ, উপজেলার বহলবাড়িয়া গ্রামের ইসমাইলের ছেলে মামুনের সাথে ৭ বৎসর আগে লুবার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় মামুন যৌতুকে দাবী করে লুবাকে মারপিট করতো মামুন। আজ পূনরায় যৌতুকের দাবী করে লুবাকে পিটিয়ে হত্যার পর নিজ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। প্রতিবেশীরা খবর পেয়ে পুলিশে জানালে পুলিশ আজ দুপুরের দিকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পাবনায় মোটর সাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

পাবনা-সুজানগর সড়কের সদর থানার সাদুল্লাপুর নামক স্থানে আজ রোববার দুপুর দুইটার দিকে মোটর সাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে রিপন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত এবং পাঁচজন আহত হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রিপন ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, পাবনা-সুজানগর সড়কের সদর থানার সাদুল্লাপুর নামক স্থানে পাবনা থেকে সুজানগর যাওয়ার পথে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভটভটি বিপরিত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।



















