ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জে সিএনজি অটো ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৩জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৩জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পর ওই সড়কে স্পিডব্রেকার বসানোর দাবিতে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ ও বিক্ষোভ করে স্থানীয় জনতা। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট মল্লিকা খাতুন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এ এস এম কিবরিয়া ও কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম দ্রুত ঘটনাস্থলে পৌছে স্পিডব্রেকার বসানোর আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ফজলুল করিম জানান, আজ সকালে নেত্রকোণাগামী সিএনজি অটো রঘুরামপুর নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ ৪জন আহত হয়। গুরুতর অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে মোটরসাইকেল চালক মারা যায়। গুরুতর আহত অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
এর আগে শনিবার একই স্থানে বাসচাপায় ব্যাটারীচালিত অটোরিক্সার ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়।



















