কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ পিডিবি ভবন থেকে উধাও হয়ে গেছে বিদ্যুৎ গ্রাহকদের হিসাব নাম্বারের একটি গুরুত্বপূর্ণ রেজিষ্টার। রেজিষ্টারটি গায়েব করে আত্মসাৎ করা হয়েছে ১৫শত গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ফি’র সাড়ে ১৬ লাখ টাকা। পিডিবি কার্যালয়ে তালিকা অনুযায়ী গায়েব হয়ে যাওয়া রেজিষ্টারটি ৮নং রেজিষ্টার হিসেবে পরিচিত। রহস্যজনক এ রেজিষ্টারেই ছিল বিদ্যুৎ গ্রাহকদের ব্যাংকের জামানত ও ইষ্টিমেটের হিসাব। প্রত্যেক গ্রাহকদের বিদ্যুৎ সংযোগের জন্য সর্বসাকুল্যে ১১শত টাকা করে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা হিসাব ছিল এ রেজিষ্টারে। গ্রাহকদের কাছ থেকে আদায় করা পুরো টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ রয়েছে, স্টোরকিপার ফুরকান উদ্দিন ও বিদ্যুৎ লাইনম্যান কাশেম এ টাকা আত্মসাৎ করেছে। সরকারী এ টাকা ছাড়াও পিডিবি এ জুটি দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে অতিরিক্ত আরোও পকেটস্থ করেছে সমপরিমাণ টাকা। শুধু স্ক্রল নাম্বার দিয়ে বিদ্যুৎ গ্রাহকদেরকে প্রথমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। পরবর্তীতে নিয়মিত বিদ্যুৎ বিলের মাধ্যমে সব গ্রাহককেই স্থায়ী গ্রাহকে পরিণত করা হয়। রহস্যজনক ভাবে পিডিবি আজও এ ব্যাপারে কোন আইনি পদক্ষেপ নেয়নি।

দুর্নীতির বরপুত্র ফুরকান উদ্দিন ও কাশেম জুটি এখনো পিডিবিতে গ্রাহকদেরকে থ্রি ফেইজ (৪৪০ ভোল্ট) বিদ্যুৎ লাইনের সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। নিয়ম অনুযায়ী দুই কিলোওয়াটের উপরে বিদ্যুৎ সংযোগ নিলেই সৌরবিদ্যুৎ (সোলার সংযোগ) এর সুবিধা থাকতে হবে। এসব কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে সিবিএর ক্ষমতার দাপটে ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানে মোটা অংকের উৎকোচে থ্রি ফেইজ লাইনের সংযোগ দেওয়া হচ্ছে। পিডিবির গোপন সূত্র থেকে জানা গেছে বর্তমানে কর্মরত নির্বাহী প্রকৌশলী কিশোরগঞ্জে যোগদানের আগেই অন্তত ১৫০টি থ্রি ফেইজ লাইনের সংযোগ দেয়া হয়েছে। অথচ এসব সংযোগের একটিতেও নেই সৌর বিদ্যুৎ এর সুবিধা। এর মধ্যে শহরে গৌরাঙ্গ বাজার মোড়ে মার্কেন্টাইল ব্যাংকের ভবন ও মার্কেট, ঘরোয়া প্রিন্টার্স, হেলথ এইড ডায়াগনস্টিক, বত্রিশ এলাকার সিটিল্যাব, যশোদল বিদ্যুৎ সাব-স্টেশান সংলগ্ন অটোরিকশার ব্যাটারি চার্জের দোকান, শোলাকিয়া গাছ বাজার এলাকার কয়েকটি স’মিলের সংযোগ, পুরানথানা কুড়ের পাড় এলাকার একটি রাইসমিল, লতিবাবাদ ইউনিয়নের সগড়া গাছ বাজার সংলগ্ন রাইসমিল, মারিয়া ইউনিয়নে করমুলীতে লাইনম্যান কাশেমের ছেলেদের অটোরিক্সার ব্যাটারি চার্জের লাইন অন্যতম। পিডিবিতে প্রচলিত রয়েছে ফুরকান কাশেম জুটি উৎকোচ বাণিজ্যের স্বার্থে প্রকাশ্যে ক্ষমতাসিন দলের লেবাসে থাকলেও গোপনে রয়েছে জামায়াতে ইসলামির নিবিড় সম্পর্ক। জামায়াতের গোপন এজেন্ডা বাস্তবায়নে তারা অর্থ সহায়তা করে বলেও প্রচার আছে। এ ব্যাপারে অভিযুক্ত স্টোরকিপার ফুরকান উদ্দিনের সাথে মোঠোফোনে যোগাযোগ করলে টাকা আত্মসাৎ সহ সকল অভিযোগ অস্বীকার করেন।
পিডিবির নির্বাহী প্রকৌশলী (বিতরণ) মোঃ ওবায়দুল ইসলামের সাথে ফোনে রেজিষ্ট্রার গায়েবের বিষয় জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই।



















