ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী শাটারগান ও তিন রাউন্ড গুলিসহ জামাল গাজী (৩৩) নামক এক ডাকাতকে গ্রেফতার করেছে। সে উপজেলার গুটুদিয়া গ্রামের মৃত নাজির গাজীর ছেলে।
ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, গত শনিবার রাত সাড়ে দশটায় উপজেলার গুটুদিয়া বাজারে অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী জামাল গাজীকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অস্ত্র ও গুলির কথা স্বীকার করায় রাত আড়াইটার দিকে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি দেশীয় তৈরী শাটারগান ও তিন রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অপহরণ, হত্যা, ডাকাতিসহ ডুমুরিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।









